স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
বাংলাদেশের ক্রিকেট পাড়ায় এখন বইছে নির্বাচনী হাওয়া। একই সাথে বইছে বিতর্কের ঝড়ও। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০১৩ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রার্থীরা নেমে পড়েছেন ব্যক্তিগত প্রচার-প্রচারণায়। সাথে চলছে প্যানেল গঠনের কাজও।
তারই ধারাবাহিকতায় রবিবার বিসিবির অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন প্যানেলের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হবে হোটেল রুপসী বাংলায়। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেন। প্যানেলে কে কে থাকবেন তা এখনও নিশ্চিত নয়।
তবে, ধারণা করা হচ্ছে বর্তমান কমিটির মাহবুব আনাম, গাজী আশরাফ হোসেন লিপু, জালাল ইউনুসসহ আরো অনেকেই থাকছেন এই প্যানেলে। নির্বাচনে অপর প্যানেলের নেতৃত্বে থাকছেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।




