শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদটপআন্দোলন করা ছাড়া বিএনপির আর কোনো উপায় নেই :মওদুদ

আন্দোলন করা ছাড়া বিএনপির আর কোনো উপায় নেই :মওদুদ

সরকারের সদিচ্ছায় খালেদা জিয়ার মুক্তি না হলে আন্দোলন করা ছাড়া বিএনপির আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিরপুর কাজীপাড়ায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মওদুদ।

এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে। কারণ সরকারের রাজনৈতিক প্রভাবের কারণেই বিএনপি চেয়ারপার্সনের জামিন হচ্ছে না। সুতরাং সরকারের কাছে আমাদের দাবি খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। যদি তাঁকে মুক্তি দেয়া না হয় তাহলে আন্দোলন ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প উপায় থাকবে না।

এদিকে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে তাঁতীদল আয়োজিত আলাদা এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলের মধ্যে উপদেষ্টা বেশি কর্ম সম্পাদনের মানুষ কম। এ সময় তিনি আরও বলেন, দেশে সংবাদপত্র, মিডিয়া স্বাধীন থাকলে গণতন্ত্রের দুরবস্থা হতো না। জনগণ তাদের অধিকার আদায়ে এক সময় রাস্তায় নামবে বলেও মন্তব্য করেন গয়েশ্বর।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী প্রার্থীদের শপথ নেয়ার বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যারা সংসদে গিয়েছে তাদের কাছে খালেদা জিয়ার মুক্তি জরুরি না, সংসদে যাওয়াটাই তাদের কাছে জরুরি।’ এ সময়, নেতাকর্মীদের অন্যের দোষ খুঁজে সময় নষ্ট না করে নিজ নিজ কাজ করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আরও পড়ুন

সর্বশেষ