ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ স্ফুলিঙ্গের অপেক্ষায় রয়েছে, কবে বিস্ফোরণ হবে। সরকার দেশকে ধ্বংসস্তুপে পরিণত করার সকল প্রচেষ্টা সম্পন্ন করেছে। ইতোমধ্যে দেশের অর্থনীতিকে অন্তঃসারশূন্য করে ফেলেছে।
শুক্রবার বিকালে রাজধানীর পূর্বাণী হোটেলে ‘তারেক রহমানের রাজনৈতিক চিন্তাপ্রসূত আগামীর বাংলাদেশ এবং উন্নয়ন ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল।
ফখরুল বলেন, সরকারি দলের পক্ষ থেকে বিএনপি নির্বাচনে যাবে বলে যে কথা হচ্ছে তা ঠিক। কারণ বিএনপি নির্বাচনে অবশ্যই যাবে, তবে তখনই যাবে যখন একটি লেবেল প্লেইং ফিল্ড হবে। ব্যাপারটা এমন- ‘যখন তুমি আর আমি সমান খেলার সমান সুযোগ পাব’।
তিনি বলেন, সমান সুযোগ পেলে বিএনপি নির্বাচনে যাবে। কারণ বিএনপি একটি নির্বাচনমুখী দল। তবে সে নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না এবং দেশের মানুষ তা হতে দেবে না। এখানে কোনো দ্বিধা ও সন্দেহ নেই।
গার্মেন্ট শিল্প প্রসঙ্গে ফখরুল ইসলাম বলেন, সরকারের একজন মন্ত্রী নতুন করে গার্মেন্ট শিল্পকে ধ্বংস করতে উস্কানি দিচ্ছেন।
আলোচনা সভার আয়োজন করে ‘এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।




