জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের জন্যে একটি সভা আজ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। গৃহীত কর্মপরিকল্পনা ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’কে পরবর্তীতে অবহিত করা হবে।
সভায় বক্তব্য প্রদান করতে যেয়ে ভূমিমন্ত্রী বলেন, স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা জনবান্ধব ও আধুনিকীকরণ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ, গৃহহীনদের গুচ্ছ-গ্রামের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা এবং ব্যক্তি বা পরিবার প্রতি জমির সর্বোচ্চ সীমা ৩৭৫ বিঘা থেকে কমিয়ে ১০০ বিঘা নির্ধারণ করে দেওয়া বঙ্গবন্ধুর ভূমি সম্পর্কিত গৃহীত যুগান্তকারী ও সুদূরপ্রসারী সিদ্ধান্তগুলোর অন্যতম।
উল্লেখ্য, জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ‘মুজিববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছিলেন। ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও পালন করা হবে। মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় স্ব-উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করেছে কিংবা করবে। এ সকল কর্মসূচি জাতীয় পর্যায়ে উদযাপনের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে এবং কর্মসূচির দ্বিত্ব পরিহার করার জন্য মন্ত্রণালয় গুলোর গৃহীত কর্মপরিকল্পনা জাতীয় বাস্তবায়ন কমিটিকে অবহিত করা হবে।
ভূমি সচিব (ভারপ্রাপ্ত) মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী সহ ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সমূহের প্রধান এবং তাঁদের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। আজকের সভায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ মজিবর রহমানকে অত্র মন্ত্রণালয়ের ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন’ বিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে নির্বাচন করা হয়।
৭৯ সদস্য বিশিষ্ট ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র সভাপতি জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এছাড়া, ১০২ সদস্য বিশিষ্ট ‘’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’র সভাপতি হলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সদস্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।




