রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপসংসদে যোগ দিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে : বিএনপির সংসদ সদস্য...

সংসদে যোগ দিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে : বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ

শপথ গ্রহণের শেষ দিনে আমি এবং আমার সহকর্মী যারা শপথ নিয়ে সংসদে যোগ দিয়েছি তাদের এ পর্যন্ত আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এবং কষ্ট করতে হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেই সংসদ অধিবেশনে যোগ দিয়ে এ মন্তব্য করেন হারুনুর রশীদ।

অধিবেশনে উপস্থিত হয়ে হারুনুর রশীদ, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে অনুরোধ করে বলেন, ‘উচ্চ আদালতকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেন এবং অ্যাটর্নি জেনারেল ও সরকারি কর্মকর্তা যারা আছেন তারা যদি কোনো বাধা প্রদান না করে তাহলে আমি বিশ্বাস করি খালেদা জিয়া আগামীকালই জামিন পাবেন।’

এ সময়, দলমত নির্বিশেষে সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে কাজ করার ব্যাপারে প্রত্যয়ের কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত দলটির সংসদ সদস্য হারুনুর রশীদ। সংসদে নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তিরও দাবি জানান হারুনুর রশীদ। এছাড়া দেশকে এগিয়ে নেয়ার জন্য এবং দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও জানান তিনি।

রবিবার বিকেল সাড়ে পাঁচটায় শপথ নিয়েই সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির চার সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।

বর্তমান সময়ে সংসদে গিয়ে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখা এবং খালেদা জিয়ার মুক্তি আন্দোলন নিশ্চিত করতেই সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত আট প্রার্থীদের মধ্যে এখন শুধুমাত্র বাদ রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিজে কেন শপথ নেননি বা কবে শপথ নেবেন তাও পরিষ্কার করেননি বিএনপির মহাসচিব।

গেল ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্ট ৮টি আসনে জয় পায়। এর মধ্যে বিএনপি জয় পায় ছয় আসনে আর বাকি দুই আসনে জয় পায় গণফোরামের দুই প্রার্থী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া বিএনপির ছয় প্রার্থী হলেন, বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-৩ আসন থেকে জাহিদুর রহমান জাহিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।

আর বিএনপির জোটসঙ্গী গণফোরামের দুই প্রার্থী হলেন, মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা সুলতান মোহাম্মদ মনসুর এবং সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচন করা মোকাব্বির খান।

নির্বাচনের পর থেকেই অনিয়ম এবং কারচুপির অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবি জানায় জাতীয় ঐক্যফ্রন্ট। পাশাপাশি শপথ না নেয়ার সিদ্ধান্ত নেন তারা।

তবে, দলীয় সিদ্ধান্ত না মেনে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর গেল ৭ই মার্চ এবং সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান গেল ২রা এপ্রিল শপথ গ্রহণ করে সংসদে যোগ দেন।

সবশেষ গেল ২৫শে এপ্রিল দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। এরপরই দল থেকে বহিষ্কার করা হয় জাহিদুর রহমান জাহিদকে।

পরে, এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা শপথ নিয়েছেন তাদের গণশত্রু বলে অভিহিত করেন।

আরও পড়ুন

সর্বশেষ