ঘূর্ণিঝড় “ফনি” মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ সোমবার বিকালে সোসাইটির কনফারেন্স কক্ষে “ফনি” মোকাবিলায় করণীয় শীর্ষক এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন। উপস্থিত ছিলেন, সোসাইটির উপ-মহাসচিব মো: রফিকুল ইসলাম, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক নাজমুল আযম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘূর্ণিঝড় ফনি’ বিষয়ে সবর্দা খোঁজখবর রাখার জন্য একটি বিশেষ ট্রাস্কফোর্স গঠন করা হয়েছে। এই ট্রাস্কফোর্স দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সাথে সবসময় যোগাযোগ রাখবে। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে পূর্ব প্রস্তুতি হিসাবে ইমারজেন্সি রেসপন্স করার লক্ষ্যে ১০০ জন প্রশিক্ষত স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও উপকূলীয় জেলার রেড ক্রিসেন্ট ইউনিট সমূহকে দুর্যোগ মোকাবিলায় সবধরনের প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাৎক্ষণিক রেসপন্সের জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। যথেষ্ট সংখ্যাক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হাইজিন কিটস্,প্রয়োজনীয় ওষুধ ও ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে।
এছাড়াও, কক্্রবাজার জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে সকলকে পূর্ব প্রস্তুত রাখা হয়েছে। যাতে দুর্যোগ পরবর্তী যেকোন পরিস্থিতি মোকাবিলায় কোন সমস্যা না হয়। এছাড়াও বাস্তুচ্যুত মিয়ানমারের জনগনের সুরক্ষায় রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতাল ও ভ্রাম্যমান মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।
সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় “ফনি” মোকাবিলায় সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। উপকূলবর্তী জেলা ইউনিটসহ অন্যান্য ইউনিটসমূহকে যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। সোসাইটির কর্মকর্তাসহ সকলকে প্রস্তুত থাকাসহ আবহাওয়া বার্তার দিকে সার্বক্ষণিক নজর রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়াও আগামী ১ মে’ বা এর পূর্বে ঘূর্ণিঝড় “ফনি” সংক্রান্ত ট্রাস্কফোর্স কমিটির ২য় সভা অনুষ্ঠিত হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।




