রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়সোমবার থেকে সারাদেশে টিসিবির পেঁয়াজ ৫৫ টাকা

সোমবার থেকে সারাদেশে টিসিবির পেঁয়াজ ৫৫ টাকা

স্টাফরিপোর্টার🙁বিডিসময়২৪ডটকম)

আগামী সোমবার থেকে ঢাকাসহ সারাদেশে ডিলারদের মাধ্যমে ৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকের পর এ তথ্য জানা গেছে। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার জাহান তালুকদার সাংবাদিকদের জানান, বাজারে চাহিদা থাকা পর্যন্ত ৫৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ বিক্রির কার্যক্রম চালু থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি) মনোজ কুমার রায়ের সভাপতিত্বে সভায় পেঁয়াজ আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন নেতারা উপস্থিত ছিলেন। সিংহভাগ আমদানিনির্ভর পণ্য পেঁয়াজের দাম ভারতে বৃদ্ধির পর কেজি প্রতি ৭০ টাকায় পৌঁছালে টিসিবি গত ২৯ আগস্ট রাজধানীতে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করে।

সে সময় টিসিবির পেঁয়াজের দাম নির্ধারণ করা হয় ৪৭ টাকা কেজি। এরপর বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেও যায়। কিন্তু, পর্যাপ্ত আমদানি না থাকায় কয়েকদিন পরই বন্ধ হয়ে যায় টিসিবির বিক্রয় কার্যক্রম। চলতি সপ্তাহ থেকে আবারও পেঁয়াজের দাম বাড়তে থাকে। বর্তমানে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, সম্প্রতি ভারতের পাশাপাশি চীন, মায়ানমার ও পাকিস্তান থেকেও পেঁয়াজ আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে, এসব দেশ থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে। এছাড়া মায়ানমার থেকে দ্রুত পেঁয়াজ আমদানি করতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমিতাভ চক্রবর্তী এবং টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার টেকনাফ গেছেন। তারা শুক্রবার সেখানে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। পেঁয়াজ আমদানিকারকরা জানিয়েছেন, ভারতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক হবে।  টিসিবি সূত্রে জানা গেছে, আগামী দুই/এক দিনের মধ্যেই ভারত থেকে পেঁয়াজ আমদানি করে সোমবার থেকে বিক্রি হবে।

আরও পড়ুন

সর্বশেষ