একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মহাজোট প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ও গত দুইবারের নৌকার প্রার্থী আবুল বাশার। এর প্রেক্ষিতে দাগনভূঞা-সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত এ আসনে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল নিয়েই মাঠে থাকবে আওয়ামীলীগ নেতাকর্মীরা। আর এ মিশনের মূল ভূমিকায় ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিজাম চৌধুরী।
তিনিও এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এখানে জাতীয় পার্টিতে সদ্য যোগদানকারি প্রেসিডিয়াম সদস্য লে: জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরীকে মহাজোটের মনোনয়ন দেয়া হয়। নৌকা প্রতীক চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন আবুল বাশার। আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের একাংশ লাঙ্গলের পক্ষে প্রচারণায় নামলেও বাশারকে ঘিরেই অপর অংশের নেতাকর্মীরা আপেল প্রতীকের প্রচারণায় অংশ নেয়। বিষয়টি প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা পর্যন্ত গড়ায়।
দলের একটি বিশ্বস্ত সূত্র জানায়, দলীয় সভানেত্রী নিজাম চৌধুরীর মাধ্যমে বুধবার গণভবনে দুই প্রার্থীকে ডেকে নেন। সেখানে দলীয় প্রধানের সিদ্ধান্তকে মেনে নিয়ে আবুল বাশার তাৎক্ষনিক নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে মহাজোট প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন। এরপর তার বাসায় নিজাম চৌধুরী ও দলীয় নেতাকর্মীরা দুই প্রার্থীকে নিয়ে বৈঠকে বসেন। এ খবর ছড়িয়ে পড়লে আপেল প্রতীক নিয়ে গত ক’দিনের প্রচারণায় থাকায় নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে।
এই প্রেক্ষিতে নিজাম চৌধুরী বলেন, দলীয় সভানেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।




