শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকর্ণফুলী উপজেলায় পৌঁছেছে আওয়ামী লীগের নির্বাচনী দল

কর্ণফুলী উপজেলায় পৌঁছেছে আওয়ামী লীগের নির্বাচনী দল

একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে দলকে চাঙা করতে বর্তমানে কক্সবাজারের পথে আওয়ামী লীগের নির্বাচনী দল। দলটি আজ রবিবার সকাল ১০টায় কর্ণফুলী উপজেলায় পৌঁছেছে। ২২ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছার পর আজ সকাল ৯টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে ফের যাত্রা শুরু করেছে এই দলটি। এর নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

জানা গেছে, কক্সবাজারের পথে নির্বাচনী দলটি কর্ণফুলী থানা এলাকার ক্রসিংয়ের এসআর স্কয়ার, লোহাগাড়ার চুনতির মেহেরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ, চকরিয়া বাস টার্মিনাল, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ  এবং রামুতেও একটি জনসভায় যোগদানের কথা রয়েছে।

এদিকে এসব এলাকার জনসভা ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে চাঙা মনোভাব দেখা গেছে নেতাকর্মীদের মাঝেও। স্থানীয় আওয়ামী লীগের নেতারা ইতোমধ্যেই সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন। কর্ণফুলী এলাকার জনাসভাস্থল ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।

এদিকে কক্সবাজার যাওয়ার পথে সবচেয়ে বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগ। পৌরসভার শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে অনুষ্ঠিত হবে সমাবেশটি। আওয়ামী লীগ নেতারা আশা করছেন সমাবেশে লাখো মানুষ জড়ো হবে। সমাবেশ সফল করতে টানা একমাস ধরে চকরিয়া ও পেকুয়ার একটি পৌরসভা ও ২৫টি ইউনিয়ন ছাড়াও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা করেছে।

আওয়ামী লীগের নির্বাচনী দলর সাথে আরও রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা একেএম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা।

আরও পড়ুন

সর্বশেষ