ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমরা আওয়ামী লীগকে অনেক সময় দিয়েছি। এরা সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট করে দেশের সবকিছু ধ্বংস করেছে। এখন এদের সময় শেষ। ভালোই ভালোই ক্ষমতা ছেড়ে নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে এদের ক্ষমতায় থেকে বিদায় করা হবে। রোববার বেলা ১১টা ৪০ মিনিটে বগুড়া সার্কিট হাউসে বগুড়াবাসীর উদ্দেশে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।
বিরোধী দলীয় নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। সবক্ষেত্রে ব্যর্থ এই সরকার সংসদ বহাল রেখে সাজানো নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দেশের মানুষ তা হতে দেবে না। বেগম জিয়া সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকার পতন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বলেন, আর বসে থাকার সময় নেই। দেশ বাঁচানোর আন্দোলনে শরিক হয়ে আগামীদিনের নতুন ধারার রাজনীতির মাধ্যমে দেশকে উন্নয়নের ধারায় ফিরে আনার আন্দোলনে নেমে পড়ুন।
বেগম জিয়া বলেন, তারা জানেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তাদের ব্যাপক ভরাডুবি হবে। দেশের ৯০ ভাগ মানুষ নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। সে জন্য সারা দেশে যাচ্ছি, কেন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়? এ সরকার জনগণের হয়ে কাজ করে না। দলীয়ভাবে চিন্তাভাবনা করে। তাই দেশের মানুষের অধিকার রক্ষা, গণতন্ত্র রক্ষা, আইনের শাসন রক্ষার জন্য আন্দোলনে নেমেছি।
তিনি আরো বলেন, বগুড়ার উন্নয়নে বিগত সময়ে ব্যাপক কাজ করেছি। কিন্তু এ সরকার কোনো উন্নয়ন করেনি। বগুড়া, ফেনীসহ বিএনপির প্রার্থী যেখানে যেখানে নির্বাচিত হয়েছে সেখানে কোনো কাজ করেনি এ সরকার। বেগম খালেদা জিয়া ১১টা ৩৬ মিনিট ৫২ সেকেন্ডে বক্তব্য শুরু করেন। শেষ করেন ১১টা ৩৯ মিনিট ৪৭ সেকেন্ড। তিনি দুই মিনিট ২৩ সেকেন্ড বক্তব্য দেন। বেগম খালেদা জিয়া বগুড়া সার্কিট হাউন থেকে ১১টা ৪৫ মিনিটে রংপুরের উদ্দেশে রওনা দেন। এ সময় সার্কিট হাউস থেকে শুরু করে বগুড়ার মাটিডালী বিমানমোড় পর্যন্ত রাস্তার দুপাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
বক্তব্যের আগে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে সভাপতি ভিপি সাইফুল ইসলাম বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে তাকে একটি ক্রেস্ট প্রদান করেন। বক্তব্য শেষে বেগম জিয়া রংপুরের উদ্দেশে রওনা হলে শহরে জনসমুদ্রের সৃষ্টি হয়। বগুড়া-রংপুর মহাসড়কে দুপাশে ১৮ দলীয় জোটের হাজার হাজার নেতকর্মী নারী-পুরুষ বেগম জিয়াকে ফুলের শুভেচ্ছা এবং হাতনেড়ে স্বাগত জানান।
রংপুরের মহাসাবেশ শেষে বেগম জিয়া আবার বগুড়ায় ফিরবেন। বগুড়া সার্কিট হাউসে রাত্রি যাপন শেষে তিনি সোমবার রাজশাহীতে ১৮ দলীয় জোটের মহাসমাবেশে যোগ দেবেন।




