রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপপ্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ইমরান খান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ইমরান খান

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ইমরান খান। শনিবার সকালে প্রেসিডেন্ট হাউজে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। প্রেসিডেন্ট মামনুন হুসাইন ইমরানকে শপথ বাক্য পাঠ করান। ওই সময় ইমরানের চোখে জল দেখা গেলেও মুখে হাসি ছিল বলে জানায় বিবিসি।

শপথ গ্রহণের জন্য ইসলামাবাদে নিজ বাসভবন থেকে প্রেসিডেন্ট হাউজে আসেন ইমরান। তিনি কালো রঙের শেরওয়ানি পরে ছিলেন। স্ত্রী বুশরা মানেকা আগেই অনুষ্ঠানস্থলে পৌঁছে গিয়েছিলেন। পিটিআইর কয়েকজন জ্যেষ্ঠ নেতা, তিন বাহিনীর প্রধান এবং সাবেক কয়েকজন ক্রিকেট তারকা ইমরানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাসিরুল মুল্ক, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার, সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনওয়ার খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি, ভারতের সাবেক ক্রিকেটার নভজিৎ সিং সিধু, পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা ও ওয়াসিম আকরাম অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে অন্যতম।

স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও আধাঘণ্টা দেরিতে মূল অনুষ্ঠান শুরু হয়। সকাল ১০টার পরপরই ইমরানকে শপথ বাক্য পাঠ কারানো হয়। শপথ গ্রহণের পর তিনি স্ত্রী বুশরাকে নিয়ে মঞ্চ থেকে নেমে আসেন এবং অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ন্যাশনাল অ্যাসেম্বলির ভোটে পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন) এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফকে হারিয়ে শুক্রবারই নিজের প্রধানমন্ত্রীত্ব নিশ্চিত করেছিলেন তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান। ওইদিন দুপুর সাড়ে ৩টার দিকে অ্যাসেম্বলির নব নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত হওয়ার পর ভোট শুরু হয় এবং ইমরান প্রত্যাশিতভাবেই জিতে যান। তাকে ভোট দেন ১৭৬ সদস্য, শাহবাজ পান ৯৬ ভোট।

গত ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরানের দল পিটিআই পার্লামেন্টের বেশির ভাগ আসনে জয়লাভ করে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ছোট দলগুলোকে নিয়ে জোট সরকার গঠন নিশ্চিত করেছিল পিটিআই। যে কারণে ইমরানের প্রধানমন্ত্রীত্ব একরকম নির্ধারিতই ছিল। যদিও অনেকের অভিযোগ, পাকিস্তানের ক্ষমতাশালী সেনাবাহিনীই ইমরানকে ক্ষমতায় এনেছে। ইমরানকে সামনে রেখে তারাই মূলত দেশ পরিচালনা করবে। তবে সব অভিযোগ আর বিতর্ক ছাপিয়ে এখন ইমরানই পাকিস্তানের প্রধানমন্ত্রী। ‘নতুন পাকিস্তান’ গড়ার যে অঙ্গীকার দিয়ে সরকারের প্রধান পদে বসেছেন তিনি, সেটা কতোটা বাস্তবায়ন করতে পারেন, সেদিকেই তাকিয়ে থাকবে ‘বিশ্বকাপজয়ী অধিনায়ক’র ভক্তরা। শুক্রবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তিনি দাবি করেন, দেশের সবচেয়ে সম্মানিত নেতা মোহাম্মদ আলী জিন্নাহ’র পর তাকেই সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্বে আসতে হয়েছে। তিনি হুঁশিয়ার করে বলেন, যারা দেশকে লুটে নিয়েছে, তারা কেউ ছাড় পাবে না।

আরও পড়ুন

সর্বশেষ