রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপস্বল্প পরিসরে টিসিবির পণ্য বিক্রি শুরু

স্বল্প পরিসরে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার স্বল্প পরিসরে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার, বাসাবো বাজার, কলমীতলা বাজারে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু হয়েছে বলে টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজধানীসহ সারা দেশে সোমবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে পুরোদমে বিক্রি হবে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল ও ছোলা। শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন নির্ধারিত মূল্যে এসব পণ্য বিক্রি করবে সংস্থাটি।

সোমবার থেকে পুরোদমে রাজধানীসহ সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রির কথা থাকলেও সল্প পরিসরে চালু হওয়ার কারণ হিসেবে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, রাজধানীতে আজ থেকে ৩৫টি ট্রাকে করে স্বল্প মূল্যে পণ্য বিক্রির কথা থাকলেও গতকাল টিসিবির পক্ষ থেকে সকল ডিলারের কাছে এ তথ্য পৌঁছাতে দেরি হয়। এ কারণে সব জায়গায় গতকাল বিক্রি শুরু করা যায়নি। আজ থেকে পুরোদমে বিক্রি শুরু হবে।

এবার একজন ভোক্তাকে ৫২ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫০ টাকা দরে সর্বোচ্চ ৪ কেজি মসুর ডাল (মাঝারি সাইজ), প্রতি লিটার ৮৫ টাকা দরে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৪০ টাকা দরে চাহিদা অনুযায়ী ছোলা কিনতে পারবেন।

সারা দেশে ১৮৭টি ট্রাকে করে এসব পণ্য বিক্রি হবে। যার মধ্যে ঢাকায় ৩৫টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি ও প্রতিটি জেলায় দুটি করে ট্রাক থাকবে। পাশাপাশি টিসিবির ২ হাজার ৮০৩ ডিলার ও ১০টি বিক্রয়কেন্দ্র থেকে এসব পণ্য কিনতে পারবেন ক্রেতারা।

আরও পড়ুন

সর্বশেষ