নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়ন চেয়ে নগরে ফের বিক্ষোভ করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ৩ আগস্ট বিকেলে নগরের চকবাজার, কাজীর দেউড়ি, আন্দরকিল্লাসহ কয়েকটি এলাকা থেকে মিছিলযোগে শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হন।
এ সময় তারা রাস্তার একপাশ বন্ধ করে নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। অনেকে সড়কে দাঁড়িয়ে যানবাহনের লাইসেন্স দেখেন। বিক্ষোভে অংশ নেওয়া চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের এক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার আমাদের দাবি মেনে নিয়েছে বললেও আজ দেশের কোথাও ট্রাফিক ব্যবস্থার পরিবর্তন দেখা যায়নি। আগে যেমন চলেছে এখনও সেভাবেই চলছে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। অপর্ণা চরণ সিটি করপোরেশন স্কুলের এক ছাত্রী জানান, আমরা কোনো আশ্বাস চাই না, দাবি বাস্তবায়ন চাই। তিনি বলেন, আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, আমরা বহুদিন ধরে চলে আসা একটি ভুল সিস্টেমকে পরিবর্তন করতে চাইছি। আশা করি সরকারের আমাদের পাশে থাকবে।




