নগরে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ সব সেবা সংস্থার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘চলমান এসব প্রকল্পের প্রায় সবই রাস্তায়। এসব প্রকল্প বাস্তবায়ন করতে রাস্তা খোঁড়াখুড়ি করতে হচ্ছে। এতে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এসব ভোগান্তি সহ্য করার মানসিকতা থাকতে হবে। কেননা, এসব উন্নয়নের ভোগান্তি। ৩০ জুলাই দুপুরে চট্টগ্রাম সিটি করপােরেশনের (চসিক) সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নগরের চট্টেশ্বরী রোডের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং ৪১ ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের মাধ্যমে নগরবাসীকে গত অর্থবছরে (২০১৭-১৮) সম্পাদিত সামগ্রিক উন্নয়ন কার্যক্রম অবহিত করতে এ সমাবেশের আয়োজন করে চসিক। জনমত গড়ে তুলতে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘গত তিন বছরে নগরের ৪১ ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম শহরকে এগিয়ে নিতে বেশ কিছু প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
সিটি করপোরেশনে মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর চুল পরিমাণ অনিয়ম ও দুর্নীতি করিনি উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘যতদিন দায়িত্বে থাকবো, ততদিন সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবো।
সমাবেশে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজল্লুাহ, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের কমান্ডার মোজাফফর আহমদ, চসিকের প্যানেল মেয়র, নগরের ৪১ ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত আছেন। সভায় স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা।




