আওয়ামী লীগে তৃণমূলে বিরোধের কারণে পাল্টাপাল্টি কমিটি থাকা নগরের সাতটি ওয়ার্ড পুনর্গঠন করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশের পর ওয়ার্ডগুলোর দ্বৈত কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। অবশেষে নেতাদের একত্রিত করেই কমিটি পুনর্গঠন করা হয়। শুক্রবার রাতে এসব আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে মহানগর আওয়ামী লীগ।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন অনুমোদিত এসব কমিটির প্রত্যেকটিতে আহ্বায়ক, তিনজন যুগ্ম আহ্বায়ক এবং ৪৭ জন করে সদস্য রাখা হয়েছে। সব মিলে পুনর্গঠিত ৫১ সদস্যবিশিষ্ট এসব আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে দলীয় সূত্রে জানা গেছে। ওয়ার্ডগুলো হলো ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা, ৪ নম্বর চান্দগাঁও, ১২ নম্বর সরাইপাড়া, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া, ৩৪ নম্বর পাথরঘাটা, ৫ নম্বর মোহরা ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী।
গোসাইলডাঙ্গা ওয়ার্ডে আহ্বায়ক হয়েছেন মো. ইসকান্দর মিঞা, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম চৌধুরী, মো. মোরশেদ আলী ও নুর নবী লিটন; চান্দগাঁও ওয়ার্ডে আহ্বায়ক নুর মোহাম্মদ নুরু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আইয়ুব খান, নিজাম উদ্দীন নিজু ও সাইফুদ্দীন খালেদ; সরাইপাড়া ওয়ার্ড আহ্বায়ক মো. নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক সারের আহমদ সওদাগর, মো. শওকত আলী ও লুত্ফল হক খুশী; পশ্চিম বাকলিয়া আহ্বায়ক মো. ইউনুছ কোম্পানী, যুগ্ম আহ্বায়ক মো. আলী নেওয়াজ, মোহাম্মদ মুসা ও এম আকবর আলী আকাশ; পাথরঘাটা ওয়ার্ড আহ্বায়ক আবু মো. আবসার উদ্দীন, যুগ্ম আহ্বায়ক ফজলে আজিজ বাবুল, আশফাক আহমদ ও আনিসুর রহমান ইমন; মোহরা ওয়ার্ড আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. নাজিম উদ্দীন চৌধুরী, মো. জসিম উদ্দীন ও খালেদ হোসেন খান মাসুক; উত্তর পাহাড়তলী ওয়ার্ড আহ্বায়ক এস এম আলমগীর, যুগ্ম আহ্বায়ক সৈয়দ সারোয়ার মোর্শেদ কচি, জহুরুল আলম জসিম ও মো. এরশাদ মামুন। গত ২১ জুন মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বিরোধপূর্ণ সাতটি ওয়ার্ডের কমিটি স্থগিত করা হয়েছিল।




