সরকারি সেবা সহজীকরণে জেলা প্রশাসন, রাঙ্গামাটি পার্বত্য জেলা বিভিন্ন ধরণের প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন করছে। এ ধরণের উদ্যোগ গ্রহণের ফলে পার্বত্য এ জেলার দরিদ্র জনগোষ্ঠির নাগরিক সেবা প্রাপ্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। রাঙ্গামাটি পার্বত্যজেলায় বসবাসরত জনগণের জন্য অতীব গুরুত্বপূর্ণ সনদ হলো স্থায়ী বাসিন্দা সনদ। এ সনদ নাগরিক সেবা প্রার্থী যেমন ভূমির মালিকানা হস্তান্তর, সরকারি চাকরিতে কোটা, শিক্ষা বৃত্তি এবং অন্যান্য জরুরি কাজে প্রয়োজন হয়। সনদটি গ্রহণের জন্য দূর্গম পার্বত্য এ জেলার দরিদ্র জনগোষ্ঠিকে সময়, অর্থ ও দূর্গমপথ পারি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে একাধিক বার আসতে হতো। এ নাগরিক সেবা সহজিকরণের অংশ হিসেবে এটুআই প্রোগ্রামের সহযোগিতায় এবং জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক গৃহীত ইনোভেশন কার্যক্রম ‘স্থায়ী বাসিন্দা সনদপত্র অনলাইন সিস্টেম’ বাস্তবায়ন করা হচ্ছে। যার ফলশ্রতিতে সেবা প্রার্থীগণ রাঙ্গামাটি জেলা সদরে না এসেও বাড়িতে বসে বা ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর মাধ্যমে সনদপত্রটি সহজে গ্রহণ করতে পাচ্ছে। এতে জনগণের কম সময়ে এবং কম অর্থ ব্যয়ে সেবাটি সহজে পাবে। এছাড়াও বর্তমানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় বিদেশী নাগরিকের ভ্রমণেজেলা প্রশাসক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় হতে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদনের মাধ্যমে অনুমতি গ্রহণ করা প্রয়োজন হয়। এ সেবাটি সহজিকরণের অংশ হিসেবে জেলা প্রশাসন, রাঙ্গামাটি পার্বত্য জেলা এটুআই কর্মসূচীর সহযোগীতায় বর্তমানে অনলাইন বিদেশী ভ্রমণকারী অনুমতি প্রদান সিস্টেম শীর্ষক একটি উদ্ভাবনী প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সিস্টেমটি চালুর সাথে সাথেই বিদেশী ভ্রমণকারীগণ অনলাইনে আবেদন করে ভ্রমণের অনুমতি গ্রহণ করতে পারবেন। যার ফলে সরকারি সেবার বিষয়ে বিদেশী নাগরিকবৃন্দ ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধি পাবে। তাছাড়াও জেলা প্রশাসন, রাঙ্গামাটি পার্বত্য জেলা জেলা ব্র্যান্ডিং, এনজিও পোর্টাল, ট্যুরিজম এ্যাপ, জেলা প্রশাসন এ্যাপসহ নানাবিধ জনবান্ধব কর্মসূচী বাস্তবায়ন করছে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে এটুআই কর্মসূচীর সহযোগিতায় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এর আয়োজনে ২৮-৩০ জুলাই, ২০১৮ পর্যন্ত চলমান তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ এ রাঙ্গামাটি জেলা প্রশাসন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। 
রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলম জানান বিভাগীয় কমিশনার কার্যালয়, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ তে অংশগ্রহণকারী প্রতিটি দলের প্রতি আন্তরিক অভিবাদন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় রাঙ্গামাটি জেলা প্রশাসনও চমৎকার আয়োজন নিয়ে অংশগ্রহণ করছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় উদ্ভাবনী উদ্যোগসমূহ যেমন অনলাইনে স্থায়ী বাসিন্দা সনদপত্র প্রদান, বিদেশী ভ্রমণকারীদের রাঙ্গামাটিতে অনুমতি প্রদানসহ আরো অনন্য কিছু উদ্যোগ মেলায় প্রদর্শিত হচ্ছে। যা রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্ভাবন চিন্তার বহিঃপ্রকাশ পরিশেষে মেলার সার্বিক সফলতা প্রত্যাশা করি।




