আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। এমনকি বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পুরো কৃতিত্বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আগামী ২১ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হবে। এই গণসংবর্ধনা সফল করতে যার যার যে দায়িত্ব তা পালন করতে হবে। রবিবার দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। ২১ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া গণসংবর্ধনা সফল করতে এ যৌথসভার আয়োজন করা হয়।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে কিছু অসাধারণ অর্জন হওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হবে। নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য গ্লোবাল সামিট অব উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। সর্বশেষ তিনি ভারতের আসানসোল নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি অর্জন করেছেন। তার এসব অর্জনের জন্যই আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে এই গণসংবর্ধনা দেওয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলি আবদুর রাজ্জাক, সাহারা খাতুন, আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম প্রমুখ।




