শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়পরিচালন মুনাফা বেড়েছে অধিকাংশ ব্যাংকের

পরিচালন মুনাফা বেড়েছে অধিকাংশ ব্যাংকের

চলতি বছরের প্রথম থেকেই তীব্র তারল্য সংকট চলছে দেশের বেসরকারি ব্যাংকগুলোয়। নতুন প্রজন্মের ফারমার্স ব্যাংক কেলেঙ্কারির ধাক্কায় বছরের প্রথমার্ধের পুরোটা সময়ই টালমাটাল পরিস্থিতি পার করেছে ব্যাংকিং খাত। এডি রেশিও (ঋণ ও আমানতের অনুপাত) বেড়ে যাওয়ায় হাত গুটিয়ে বসে ছিল বেশির ভাগ বেসরকারি ব্যাংক। একই সময়ে আমানতের জন্যও হাহাকার চলেছে ব্যাংকগুলোয়। এসব সংকট সত্ত্বেও চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দেশের বেশির ভাগ ব্যাংকেরই পরিচালন মুনাফা বেড়েছে। ব্যাংকগুলোর ৩০ জুন শেষ হওয়া চলতি বছরের প্রথম ছয় মাসের হিসাবে এমন তথ্য উঠে এসেছে। তবে কয়েকটি ব্যাংকের হিসাব চূড়ান্ত না হওয়ায় সেগুলোর পরিচালন মুনাফা সম্পর্কিত তথ্য জানা যায়নি।

চলতি বছরে প্রথমার্ধে সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে ইসলামী ব্যাংক লিমিটেড। এ সময় ব্যাংকটির ১ হাজার ২০ কোটি টাকা পরিচালন মুনাফা হয়েছে। এছাড়া ডাচ্-বাংলা, ব্র্যাক, ব্যাংক এশিয়া, সাউথইস্ট, মিউচুয়াল ট্রাস্ট, এসআইবিএল, এনসিসি, প্রিমিয়ার, যমুনাসহ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকও বেশ ভালো পরিচালন মুনাফা করেছে। আবার কয়েকটি প্রথম সারির ব্যাংক পরিচালন মুনাফায় পিছিয়েছে এ সময়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে চলতি বছরের প্রথমার্ধে পরিচালন মুনাফা বেড়েছে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের। পরিচালন মুনাফা কিছুটা কমলেও অন্যান্য সূচকে ভালো করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড।

উল্লেখ্য, পরিচালন মুনাফা কোনো ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। খেলাপি ঋণসহ বিতরণকৃত ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি ও কর পরিশোধের পর যে মুনাফা থাকে, তা-ই কোনো ব্যাংকের প্রকৃত বা নিট মুনাফা। চলতি বছরের প্রথমার্ধে দেশের প্রায় সব ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। ফলে সঞ্চিতি সংরক্ষণের পর অধিকাংশ ব্যাংকেরই নিট মুনাফা কমবে।

সংশ্লিষ্টরা বলছেন, ২০১৭ সালে বেসরকারি ব্যাংকগুলো আগ্রাসী বিনিয়োগ করেছে। বেপরোয়া বিনিয়োগের কারণে এ ব্যাংকগুলোর এডি রেশিও সীমা ছাড়িয়েছে। গত বছরের বিনিয়োগ থেকে আয় বাড়ায় চলতি বছরে বেসরকারি ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বেড়েছে। তবে চলতি বছরের শুরু থেকে শেয়ারবাজারের পরিস্থিতি নিম্নগামী থাকায় এ খাত থেকে ভালো আয় করতে পারেনি ব্যাংকগুলো।

বিরূপ পরিস্থিতি সত্ত্বেও ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বাড়ার বিষয়ে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বিদ্যমান পরিস্থিতিতেও যেসব ব্যাংক ভালো করেছে, তাদের অভিনন্দন। তবে পরিচালন মুনাফা কোনো ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। এছাড়া ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন দেখা ছাড়া এ বিষয়ে মন্তব্য করা কঠিন। যেসব ব্যাংক ভালো করতে পারেনি, তাদের জন্যও শুভকামনা থাকল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৮ সালের জানুয়ারি-জুন সময়ে পরিচালন মুনাফা করেছে ১ হাজার ২০ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছিল ৮৯৭ কোটি টাকা।

চলতি বছরের প্রথমার্ধে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংক। জুন পর্যন্ত ব্যাংকটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৪১৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২৩৯ কোটি টাকা।

পরিচালন মুনাফায় ভালো প্রবৃদ্ধি এসেছে ব্যাংক এশিয়ার। চলতি বছরের প্রথমার্ধে ৪১৭ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৩০৭ কোটি টাকা।

এ প্রসঙ্গে ব্যাংক এশিয়ার এমডি মো. আরফান আলী বলেন, গত বছরের তুলনায় চলতি বছরের একই সময়ে ব্যাংক এশিয়ার ব্যালান্স শিট ২৫ শতাংশ বেড়েছে। স্বাভাবিকভাবেই ব্যাংকের পরিচালন মুনাফায়ও একই হারে প্রবৃদ্ধি হওয়ার কথা। আমদানি-রফতানির ফি ও কমিশন বাড়ায় ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রভাব পড়েছে। বছর শেষে ব্যাংক এশিয়া গ্রাহকদের শুভ সংবাদ দিতে পারবে।

ভালো করেছে বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংকও। চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে ৪৫৬ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটি ৪৩০ কোটি টাকা পরিচালন মুনাফায় ছিল।

প্রবৃদ্ধির ধারাবাহিকতা বছর শেষে আরো বাড়বে বলে আশাবাদী সাউথইস্ট ব্যাংকের এমডি এম কামাল হোসেন। তিনি বলেন, চলতি বছরের প্রথমার্ধে ভালো করলেও আমাদের প্রত্যাশা ছাড়ায়নি। আশা করছি, বছর শেষে সাউথইস্ট ব্যাংক বিনিয়োগকারীদের আরো ভালো সংবাদ দিতে পারবে।

গত বছরের তুলনায় কিছুটা কমলেও ভালো পরিচালন মুনাফা পেয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। চলতি বছরের প্রথমার্ধে ৪৫১ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৫৮ কোটি টাকা।

এ বিষয়ে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরী জানান, চলতি বছর পূবালী ব্যাংকের খেলাপি ঋণ বাড়েনি। বড় ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায়ের জন্য প্রচেষ্টা জোরদার করা হয়েছে। শেয়ারবাজারে বিনিয়োগ থেকে লাভ না হওয়ায় আমরা প্রত্যাশা অনুযায়ী মুনাফা করতে পারিনি। তবে বছর শেষে আরো ভালো করার ব্যাপারে আমরা আশাবাদী।

চলতি বছরের প্রধমার্ধে ৩২৫ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ইসলামী ধারার এক্সিম ব্যাংক লিমিটেড। ২০১৭ সালের প্রথমার্ধে ৩২০ কোটি টাকার পরিচালন মুনাফায় ছিল ব্যাংকটি। মুনাফায় কিছুটা প্রবৃদ্ধি করেছে মার্কেন্টাইল ব্যাংকও। চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে ৩২৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটি ৩২৪ কোটি টাকার পরিচালন মুনাফায় ছিল।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান বলেন, কয়েক বছর ধরে মার্কেন্টাইল ব্যাংক ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করেছে। আশা করছি, বছর শেষে আমরা বিনিয়োগকারীদের আরো ভালো সংবাদ শোনাতে পারব।

পরিচালন মুনাফা কিছুটা বেড়েছে ন্যাশনাল ব্যাংকের। চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩২৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে ৩০২ কোটি টাকার পরিচালন মুনাফায় ছিল ব্যাংকটি।

চলতি বছরের প্রথমার্ধে ৩৭০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে বেসরকারি ইস্টার্ন ব্যাংক। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৩৪৩ কোটি টাকা।

চলতি বছরের প্রথমার্ধে ২৯৫ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ট্রাস্ট ব্যাংক। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২৯৩ কোটি টাকা। এছাড়া ২৯৭ কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে এনসিসি ব্যাংক, যা গত বছরের প্রথমার্ধে ছিল ২৩৭ কোটি টাকা।

জুন পর্যন্ত সময়ে ২২৫ কোটি টাকার পরিচালন মুনাফা পেয়েছে প্রিমিয়ার ব্যাংক। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১৯৪ কোটি টাকা।

চলতি বছরের প্রথমার্ধে ২৭৫ কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২৫৫ কোটি টাকা।

পরিচালন মুনাফায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি)। চলতি বছরের প্রথমার্ধে ২২৯ কোটি টাকার পরিচালন মুনাফা পেয়েছে ব্যাংকটি। ২০১৭ সালের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১৮০ কোটি টাকা।

ভালো পরিচালন মুনাফা পেয়েছে যমুনা ব্যাংকও। ২০১৭ সালের প্রথমার্ধে ১৮৬ কোটি টাকা পরিচালন মুনাফায় থাকলেও চলতি বছরে তা ২৬৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। চলতি বছরের প্রথমার্ধে ২১৫ কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। গত বছর একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১৮৯ কোটি টাকা।

পরিচালন মুনাফা কমেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। চলতি বছরের প্রথমার্ধে ২৬০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৩২০ কোটি টাকা। চলতি বছরের প্রথমার্ধে ১২৮ কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২২৭ কোটি টাকা। চলতি বছরের প্রথমার্ধে ১৫১ কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

নতুন প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে চলতি বছরের প্রথমার্ধে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ৮৮ কোটি, মধুমতি ব্যাংক ৯০ কোটি, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ৭৭ কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে।

খেলাপি ঋণে জর্জরিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও চলতি বছরের প্রথমার্ধে ভালো পরিচালন মুনাফা করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক জুন পর্যন্ত পরিচালন মুনাফা করেছে ৭০৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটি ২৫২ কোটি টাকা পরিচালন মুনাফায় ছিল।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ্ আল মাসুদ বলেন, বিদায়ী বছর ছিল সোনালী ব্যাংকের জন্য ঘুরে দাঁড়ানোর বছর। নানা বিপর্যয় থেকে বিদায়ী বছরে আমরা ঘুরে দাঁড়িয়েছি। চলতি বছর আমরা ভালো করার মাধ্যমে সামনে এগোচ্ছি। চলতি বছরের জুন শেষে সোনালী ব্যাংকের লোকসানি শাখা ১৩৭টিতে নেমে এসেছে। গত বছরের একই সময়ে লোকসানি শাখা ছিল ১৮৪টি।

চলতি বছরের প্রথমার্ধে ৪৩০ কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৪০৩ কোটি টাকা। জনতা ব্যাংকের এমডি মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, জনতা ব্যাংক সমৃদ্ধির পথে এগোচ্ছে। চলতি বছরের প্রথমার্ধে আমাদের পরিচালন মুনাফা বেড়েছে। আশা করছি, বছর শেষে দেশবাসীকে আমরা আরো ভালো সংবাদ শোনাতে পারব।

চলতি বছরের প্রথমার্ধে প্রায় ৪০০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে অগ্রণী ব্যাংক। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৩০১ কোটি টাকা। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শামস-উল-ইসলাম বলেন, বছরের প্রথমার্ধে পরিচালন মুনাফায় প্রবৃদ্ধি ভালো ইঙ্গিত দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ওপর জনগণের আস্থার প্রতিফলন এটি।

৯১ কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। ২০১৭ সালের প্রথমার্ধে ২০৮ কোটি টাকার পরিচালন মুনাফায় ছিল ব্যাংকটি। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান বলেন, পরিচালন মুনাফা কিছুটা কমলেও অন্যান্য সূচকে ভালো করেছে রূপালী ব্যাংক। চলতি বছরের প্রথমার্ধে লোকসানি শাখার পরিমাণ ৫৪ থেকে কমে ২৭টিতে নেমেছে। বছরের প্রথমার্ধে ৪ হাজার কোটি টাকার আমানত ও ৩ হাজার কোটি টাকার বিনিয়োগ বেড়েছে। আশা করছি, বছর শেষে আমরা ভালো মুনাফা করতে পারব।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের অধিকাংশ ব্যাংকেরই খেলাপি ঋণ বেড়েছে। শুধু চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ— এ তিন মাসেই দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েছে ১৪ হাজার ২৮৬ কোটি টাকা। ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ ছিল ৭৪ হাজার ৩০৩ কোটি ১১ লাখ টাকা। কিন্তু চলতি বছরের মার্চ শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ৮৮ হাজার ৫৮৯ কোটি ৩৭ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা মোট বিতরণকৃত ঋণের ১০ দশমিক ৭৮ শতাংশ। স্বাভাবিক প্রক্রিয়ায় আদায় অযোগ্য হয়ে যাওয়ায় ডিসেম্বর পর্যন্ত মামলাভুক্ত হয়েছে ৫৫ হাজার ৩১১ কোটি টাকার অবলোপনকৃত খেলাপি ঋণ। সে হিসাবে অবলোপনকৃত ঋণসহ দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৯০০ কোটি টাকা।

আরও পড়ুন

সর্বশেষ