শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে শেরপুর জেলা আওয়ামী লীগ ও নির্বাচনী এলাকা থেকে প্রত্যাহার করার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছে শেরপুর জেলা আওয়ামী লীগ। এছাড়া নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হকসহ পাঁচজনকে জেলা কমিটি থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
শনিবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই সুপারিশ করা হয়। জেলা কমিটি থেকে বহিষ্কারের সুপারিশ করা অপর ৪ জন হলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুন্নাহার কামাল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হক, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ।
এছাড়া নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার পরিবর্তে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. বুরহান উদ্দিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার রাত আটটায় জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এ বিষয়ে শনিবার রাতে মোবাইলে যোগাযোগ করা হলে মতিয়া চৌধুরী বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ মো. আতিউর রহমানের সভাপতিত্বে সভায় জেলা কার্যনির্বাহী পরিষদের ৭১ সদস্যের মধ্যে ৫২ জন উপস্থিত ছিলেন।




