বরিশাল, ময়মনসিংহ ও ফেনীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। ১৯ মে দিনগত গভীর রাত ও ২০ মে ভোর রাতে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফেনীর ছাগলনাইয়ায় উপজেলার আলমগীর হোসেন (৩২), ময়মনসিংহ নগরের বিপ্লব। তবে বরিশালে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহের সিনিয়র করেসপন্ডেন্ট জানায়, ভোরে ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বিপ্লব নামে এক ব্যক্তি নিহত হন। নিহত বিপ্লবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান। তিনি জানান, এ সময় ঘটনাস্থল থেকে ২শ’ গ্রাম হিরোইন, ২শ’ পিস ইয়াবা, তিনটি গুলির খোসা ও দুটি চাকু উদ্ধার করেছে।
এদিকে ফেনীর স্টাফ করেসপন্ডেন্ট জানায়, ছাগলনাইয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আলমগীর উপজেলার চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার পরিদর্শক (ওসি) এম মোর্শেদ। তিনি জানান, নিহত আলমগীরের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে। তিনি উপজেলার চিহ্নিত ইয়াবার ডিলার ও ফেন্সিডিল ব্যবসায়ী ছিলেন। এছাড়া বরিশালের স্টাফ করেসপন্ডেন্ট জানায়, সদর উপজেলার শায়েস্তাবাদে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত যুবক ডাকাত দলের সদস্য।
এর আগে ১৮ মে দিনগত রাতে যশোরের অভয়নগরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। র্যাব বলছে, তারা সবাই মাদক বিক্রেতা। এছাড়া ময়মনসিংহের নান্দাইলেও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি মো. ইমন (১৯) নিহত হয়েছেন।




