রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপব্যবসায়ী এ কে আজাদকে ফের দুদকে তলব

ব্যবসায়ী এ কে আজাদকে ফের দুদকে তলব

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদকে আগামী ২২ মে আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরপর দুবার তলব করার পরও দুদকে হাজির না হওয়ায় বুধবার নতুন এ দিন নির্ধারণ করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য জানান, দ্বিতীয় দফার তলবে বুধবার সকালে একে আজাদের দুদকে হাজির হওয়ার কথা ছিল। তবে গত ২৯ এপ্রিল দরখাস্তের মাধ্যমে সময় চেয়ে আবেদন করেছিলেন তিনি। এ আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর সই করা চিঠিতে ২২ মে তাকে তলব করা হয়েছে।

এর আগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ এপ্রিল দিন নির্ধারিত ছিল। দেশের বাইরে থাকার কারণে ওই দিন সকালে তিনি সময় চেয়ে দুদকে চিঠি দেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে পাঁচ সপ্তাহ সময় দিয়ে তাকে ৯ মে দুদকে হাজির থাকতে বলা হয়। একে আজাদের বিরুদ্ধে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। অভিযোগ সম্পর্কে তার বক্তব্য জানতে তাকে দুদকে হাজির হতে নোটিশ পাঠানো হয়।

উল্লেখ্য, ২০ মার্চ অনুমোদিত নকশা ছাড়া বাড়ি নির্মাণের অভিযোগে একে আজাদের গুলশানের বাড়ির একাংশ ভেঙে ফেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর পর দিনই তাকে তলব করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ