শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আজ নরসিংদীর জনসভায় ভাষন দিবেন খালেদা জিয়া

আজ নরসিংদীর জনসভায় ভাষন দিবেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আজ রোববার নরসিংদী আসছেন। সেখানে জনসভায় ভাষন দিবেন তিনি। দলের চেয়ারপার্সনের আগমনকে সামনে রেখে দীর্ঘদিন যাবত বিভক্ত জেলা বিএনপিতে বইছে ঐক্যের সুর।

দলীয় কোন্দল ও পদ পাওয়া না পাওয়ার বেদনা ভুলে দীর্ঘ ১০ বছর আলাদা থাকার পর এখন এক সারিতে এসে দাঁড়িয়েছেন সব নেতা। তবে বিএনপি রাজনীতি থেকে এখনও দূরে রয়েছে সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়ার অনুসারীরা।

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার আগমন উপলক্ষে নরসিংদীর বিএনপিতে এখন উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুন প্লাকার্ড আর তোরণে তোরণে ছেয়ে গেছে ঢাকা-সিলেট মহাসড়ক। বর্ণিল সাজে সাজাচ্ছে পুরোশহরকে। খালেদা জিয়ার সমাবেশকে সফল করতে জেলাব্যাপী চলছে মাইকিং-পোস্টারিং ও গণসংযোগ।

মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম মৃধা বলেন, নরসিংদীর বিএনপির রাজনীতিতে একটি বড় অংশই আবদুল মান্নান ভূঁইয়ার অনুসারী। প্রয়াত নেতা মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেই তারা বিএনপির রাজনীতিতে সক্রিয় হবেন। এতে বিএনপির সাংগঠনিক শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। আমাদের প্রত্যাশা, এই জনসভা থেকে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া আমাদের কাক্সিক্ষত মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেবেন।

জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, বিএনপিতে বিভক্তি ছিল না তবে পদ ও মনোনয়ন পাওয়া না পাওয়ার বিষয় নিয়ে অনেকের মাঝে মান অভিমান ছিল। এখন সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আগামীতে এই ঐক্য অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নরসিংদী জেলা। স্বাধীনতার পর থেকে এ পযর্ন্ত প্রায় সব জাতীয় সংসদ নির্বাচনেই বিজয়ী হয় বিএনপি। তবে গেল নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জোয়ারে জেলার ৫টি আসনেই বিএনপির ভরাডুবি হয়। তাই হারানো এই আসনটিকে পুনরুদ্ধার ও দলীয় কোন্দল নিরসনের জন্যই আজ নরসিংদী জনসভায় যোগ দিতে আসছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। আবার নরসিংদীর এই জনসভা থেকে সরকার পতনের আন্দোলনের নতুন কর্মসূচি আসতে পারে বলে জানিয়েছে জেলা বিএনপির একাধিক নেতাকর্মী।

আরও পড়ুন

সর্বশেষ