রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপআ’লীগের ২০ নেতা ভারত যাচ্ছেন ২২ এপ্রিল

আ’লীগের ২০ নেতা ভারত যাচ্ছেন ২২ এপ্রিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের ক্ষমতাসীন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল সে দেশে সফরে যাবে। ২০ সদস্যের প্রতিনিধিদলটি এপ্রিলের ২২ তারিখ সকালে ঢাকা ছাড়বে। ২৩ তারিখ ‘পার্টি টু পার্টি’ আলোচনা হবে। এরপর ২৪ তারিখ প্রতিনিধিদল ঢাকায় ফিরবে। রোববার ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন- সভাপতিমণ্ডলীর সদস্য পিযুশ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মেজবাহ উদ্দিন সিরাজ, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাহিত্য সম্পাদক মৃনাল কান্তি দাস, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহম্মেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, সদস্য গোলাম কবির রাব্বানী চিনু ও এস এম কামাল হোসেন।

এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিএনপি নতুন খোয়াব দেখেছিল। কিন্তু, প্রধানমন্ত্রীর এক ঘোষণায় তাদের স্বপ্ন কর্পূরের মতো উবে গেছে। তাদের হাতে আর কোনো ইস্যু নেই। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা হতাশায় ডুবে আছে।’

তিনি বলেন, ‘দেশে বর্তমানে শান্তি বিরাজ করছে, স্থিতিশীল পরিবেশ রয়েছে। আর এটাই বিএনপি সহ্য করতে পারছে না। এজন্য পহেলা বৈশাখের মত স্বতঃস্ফূর্ত, কালারফুল উদযাপনও তাদের ভালো লাগেনি। নোংরা রাজনৈতিক বক্তব্য দিয়েছে। এ সময় আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ