বল টেম্পারিং কলঙ্কের দায় মাথায় নিয়ে এক বছর নিষিদ্ধ হয়েছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ক্যামেরন ব্যানক্রফটের নিষেধাজ্ঞা ৯ মাসের। মাত্র তিন ক্রিকেটার এ কাণ্ডের সঙ্গে জড়িত বলে বিশ্বাস হচ্ছে না বিশ্ব কাঁপানো সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের। তার মতে, বিশ্বক্রিকেটকে টালমাটাল করে দেয়া ঘটনায় অস্ট্রেলিয়ার আরও অনেকে জড়িত ছিলেন!
ফ্লিনটফের তীরটা গেছে অজি পেসার মিশেল স্টার্কের দিকে। ওই ম্যাচে বারবার বল নিয়ে ঘষামাজা করতে দেখা গেছে তাকে। তার প্রশ্ন- তা হলে কী দায় এড়াতেই তাকে দ্রুত দেশে ফিরিয়ে নেয়া হয়েছিল? আমার তো মনে হয়, ভালোভাবে তদন্ত করলে এর সঙ্গে আরও অনেকের সম্পৃক্ত পাওয়া যাবে।
টেম্পারিংয়ের ঘটনা ধরা পড়ার পর সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার তখনকার অধিনায়ক স্মিথ জানিয়েছিলেন, ‘লিডারশিপ গ্রুপ’ মিলে এ সিদ্ধান্ত নেয়া হয়। অথচ এমন অপরাধের জন্য শাস্তি দেয়া হয় শুধু তিনজনকেই।




