বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপদেশে রাষ্ট্রীয় সহযোগীতায় মেগা দুর্নীতি হচ্ছে : আমীর খসরু

দেশে রাষ্ট্রীয় সহযোগীতায় মেগা দুর্নীতি হচ্ছে : আমীর খসরু

আওয়ামী লীগ সরকার একদলীয় দুর্নীতি প্রতিষ্ঠা করেছে। যারা সরকারী দল ও আওয়ামী লীগের এসব অপকর্মের সঙ্গে একমত প্রকাশ করেছে তাদের দুর্নীতি ও অবৈধ ক্ষমতা ভোগের ভাগ দেওয়া হচ্ছে বলে- আওয়ামী লীগ ও সরকারের সমালোচনা করে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আন্তর্জাতিক স্বৈরাচার স্বীকৃতির পর আওয়ামী লীগ ও সরকারের সামনে এবার  দুর্নীতির বিশ্ব  স্বীকৃতি আসছে বলেও জানান তিনি। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী ‘প্রজন্ম ৭১’ আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু  বলেন, আজ বাংলাদেশে রাষ্ট্রীয় সহযোগীতায় কুইক দুর্নীতি হচ্ছে, মেগা দুর্নীতি হচ্ছে। দেশের মানুষের টাকা পাচার হয়ে যাচ্ছে। মানুষ ব্যাংকে টাকা রাখলেও তাদের প্রয়োজনে টাকা উঠাতে পারছে না। সরকার এসব নিয়ে কোন কথাই বলছে না, প্রশ্ন ও তদন্ত করছে না এবং বিচারের মুখোমুখি করছে না। অথচ বেগম জিয়ার মামলার কোন সত্যতা না পেয়েও তাকে কারারুদ্ধ করা হয়েছে। দেশের মানুষ জানে বাংলাদেশ থেকে কত হাজার কোটি টাকার পাচার হয়েছে। তার হিসাব জনগণ রাখে আওয়ামী লীগ ও সরকারকে একদিন এর দায়ে জনতার মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, বিচার বিভাগ আজ নিরপেক্ষতা হারিয়েছে। বিচার বিভাগ নিয়ে জনগণের মনে প্রশ্ন জাগছে, প্রশ্ন আছে। সরকারকে কেউ বলে একদলীয় শাসন কায়েম করেছে। আমি বলি একনায়ক তন্ত্র কায়েম করেছে। শেখ মুজিবও একনায়কতন্ত্র কায়েম করেছিল। সেখান থেকে জিয়াউর রহমান দেশকে বহুদলীয় গণতন্ত্র পুন: প্রতিষ্ঠা করে। এরপর এরশাদ বিরোধী আন্দোলন করে এরশাদকে পতন ঘটিয়ে বেগম জিয়া দেশকে গণতন্ত্রকে আবারও প্রতিষ্ঠা করে। এবারও সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র আবারও ফিরিয়ে আনা হবে।

যারা বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছে তারা বুঝতে পারছে না কাকে কারারুদ্ধ করেছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, আজকে আমাদের পরিস্কার করে বলতে হবে কারা গণতন্ত্রের পক্ষের শক্তি আর কারা গণতন্ত্রের বিপক্ষের শক্তি। বিএনপি গণতন্ত্রের পক্ষের শক্তি আর আওয়ামী লীগ হলো গণতন্ত্রের বিপক্ষের শক্তি।

আরও পড়ুন

সর্বশেষ