ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তাদের নীল নকশার মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলানগরের জাতীয় সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
মিথ্যা মামলায় সাজা দেওয়ায় আজকে খালেদা জিয়াকে স্বাধীনতা দিবস কারাগারে উদযাপন করতে হচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে গণতন্ত্রের মাতা খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে। আওয়ামী লীগ সরকার তাদের নীল নকশার মধ্যে একদলীয় শাসন পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। এই কারণে খালেদা জিয়াসহ আমাদের হাজার-হাজার নেতাকর্মীকে কারারুদ্ধ করে রাখা হয়েছে।’
বিএনপির এই নেতা আরো বলেন, ‘আমরাখালেদা জিয়াসহ সব নেতাকর্মীদের মুক্ত করার জন্য আন্দোলন গড়ে তোলার শপথ করেছি। আর এই আন্দোলনের মধ্যে দিয়েই দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করব।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবং গণতন্ত্রের মাতা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে, সব রাজনৈতিক বন্দিকে মুক্ত করেই, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, নির্বাচনের জন্য, আমরা দাবি জানিয়েছি। আমরা সেই লক্ষ্যেই সংগ্রাম করছি, আমরা অবশ্যই বিজয়ী হব। এ সময় খালেদা জিয়ার মুক্তি সংগ্রামে বিএনপিই জয়ী হবে এমন মন্তব্য করেন বিএনপির এই নেতা।
এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিএনপি। এ সময় বিএনপির হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, আলতাফ হোসেন চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, জয়নাল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাস, ওলামা দলের সভাপতি এম এ মালেক খানসহ বিএনপির ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।




