অনুমোদনহীন নকশায় বাড়ি বানানোর অভিযোগে হা-মীম গ্রুপের কর্ণধার ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের বাড়ির একটি অংশ ভেঙে দিয়েছে রাজউক। ১৮ মার্চ সকাল ১০টার দিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক অলিউর রহমানের নেতৃত্বে গুলশান-২ নম্বরের ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এ অভিযান শুরু হয়।
দুপুর দেড়টা পর্যন্ত সেখানে অভিযান চলছিল। ঘটনাস্থলে রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান বলেন, ওই বাড়ির কোনো নকশা নাই। রাজউকের অনুমোদিত নকশা ছাড়াই এ বাড়িটি নির্মাণ করা হয়েছে। কদিন আগে রাজউক কর্মকর্তা আদিদুল রহমান এসেছিলেন, তখন বাড়িটির লোকজন একটা স্ট্রাকচারাল নকশা দেখান কিন্তু তা রাজউক অনুমোদিত নয়।
ঘটনাস্থলে অবস্থান করে দেখা গেছে, অভিযানে দ্বিতল ওই বাড়ির সামনের দেয়াল, বারান্দা ও একটি ব্যালকনির কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। পুরোটাই ভাঙা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অভিযানের সময় বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ির সামনের খোলা জায়গায় রাখা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বলেন, অভিযানের জন্য গুলশান ৮৬ নম্বর সড়কের উত্তর প্রান্তে ৮৪ নম্বর সড়কের মুখে এবং ৮৭ নম্বর সড়কের মুখ থেকে ৮৬ নম্বর সড়কের মাঝামাঝি পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে এ কে আজাদ কিংবা তার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।




