শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনঅন্যায় ও অসত্যের কাছে মাথা নত না করার জন্য নবীন গ্র্যাজুয়েটদের প্রতি...

অন্যায় ও অসত্যের কাছে মাথা নত না করার জন্য নবীন গ্র্যাজুয়েটদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

অন্যায় ও অসত্যের কাছে মাথা নত না করার জন্য নবীন গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। ১১ ফেব্রুয়ারি ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাদের উদ্দেশ্যে বলেন, বিবেককে বিকিয়ে দেবে না।  লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে আরো অর্থবহ করতে তোমাদের অবদান রাখতে হবে।  মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা, দেশপ্রেম হোক তোমাদের চলার পথের পাথেয়।

শিক্ষাজীবন শেষ করার পর ‘বাস্তব জীবনের আসল সংগ্রাম এখন থেকেই শুরু’ এমন মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, এই সনদ সেই সংগ্রামে অবতীর্ণ হবার স্বীকৃতিপত্র। জলবায়ূ পরিবর্তনের নেতিবাচক প্রভাবের বিষয় তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, জলবায়ূ পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার নেতিবাচক প্রভাব আমাদের ‍কৃষিতে পড়তে শুরু করেছে।  অপরিকল্পিতভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার মৎস্য ও প্রাণিসম্পদের উপরও বিরূপ প্রভাব ফেলছে।

‘কৃষি ও প্রাণিসম্পদ খাতের অব্যাহত অগ্রগতি নিশ্চিত করতে হলে জলবায়ূ পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় গবেষক ও বিজ্ঞানীদের নতুন নতুন জাত ও পদ্ধতি আবিস্কারে মনযোগী হতে হবে।  বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোকে এই বিষয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বঙ্গোপসাগরে যে ১ লক্ষ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার জলসীমা বাংলাদেশ জয় করেছে, গবেষণার মধ্য দিয়ে সেখানকার মৎস্যসম্পদের উন্নয়নে এই বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে বলেও আশা রাষ্ট্রপতির। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য ছাত্র-শিক্ষকের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি।  তিনি বলেছেন, শিক্ষকদের হতে হবে স্নেহপ্রবণ ও অভিভাবকতুল্য।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আজ সম্ভাবনার এক উজ্জ্বল সময় অতিক্রম করছে।  বিশ্ববিদ্যালয়গুলোকে তরুণদের সুশিক্ষিত ও দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করার গুরুদায়িত্ব পালন করতে হবে। সমাবর্তনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমিরেটাস ড.এ কে আজাদ চৌধুরী। সিভাসু’র উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ স্বাগত বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সর্বশেষ