বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপসাকা চৌধুরীর জন্য শোক প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

সাকা চৌধুরীর জন্য শোক প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

সালাহউদ্দিন কাদের চৌধুরীর জন্য বিএনপির নির্বাহী কমিটির বৈঠকে শোক প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। আমরা নাগরিক সমাজের পক্ষের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিকালে নাগরিক সমাজের প্রতিনিধিরা মানববন্ধন করেন। এতে অন্যান্যর মধ্যে ৭১ ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর, জাতীয় প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান, ডা. নুজহাত চৌধুরী,  রোকেয়া প্রাচী, ফজিলাতুনেছা বাপ্পী এমপি, ড. আশিকুর রহমান, ব্যারিস্টার নাজিয়া চৌধুরী, শাহ আলী ফরহাদ, ফয়জুল হক প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন সঞ্চালন করেন রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ এ আরাফাত।

মানববন্ধনে বক্তারা সালাহউদ্দিন কাদের চৌধুরীর জন্য শোক প্রস্তাব রাখায় বিএনপির কঠোর সমালোচনা করেন। নাগরিক সমাজের প্রতিনিধিরা এই ঘটনার ধিক্কার জানান। একইসঙ্গে তারা বিএনপিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানান। তা নাহলে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন।

শাহরিয়ার কবীর বলেন, আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। সেই দেশে শহীদদের বারবার বিএনপি অপমান করেছে। সালাহউদ্দিন কাদের চেšধুরীর মতো একজন জঘন্য যুদ্ধাপরাধীর মৃত্যুতে শোক প্রস্তাব এনে বিএনপি আবারো প্রমাণ করেছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি। এই শক্তিকে  আমাদের রুখতে হবে। শুধু যুদ্ধাপরাধী নয় তাদের সন্তানরাও যাতে বাংলাদেশে রাজনীতি করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে সেই দাবি জানাই। গোটা বাংলাদেশকে এখন রাজাকার মুক্ত করার সময় এসেছে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, বিএনপি জাতীয়তাবাদী শক্তি নয়। এদেরকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে। তা নাহলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যাবে না। তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। সেই নির্বাচন কঠিন সময় আসছে। কোন কারণে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাহলে কেউ নিরাপদ থাকবে না। কেউ না।

মোহাম্মদ এ আরাফাত বলেন, রাজাকার সালাহউদ্দিন কাদের চৌধুরীর জন্য বিএনপির মায়া থাকবেই। কারণ বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে পাকিস্তানী জাতীয়তাবাদে। বারবার বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের অপমান করেছে। এবার আর পার পাবে না।

রোকেয়া প্রাচী বলেন, যারা রাজাকারের জন্য শোক প্রস্তাব আনতে পারে তারা বাংলাদেশের পক্ষের শক্তি নয়। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। তাই আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের ঐক্যবদ্ধ হয়ে এদের মোকাবেলা করতে হবে। বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস রুখতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ