পাবনার ভাঙ্গুরা স্টেশনের কাছে দুটি মালবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় এক সহকারী ট্রেন চালক আহত হয়েছেন। দুর্ঘটনা পর দুটি বগি ও একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ট্রেনের লাইনের ওপর পড়েছে। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
পাকশি বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিও) শওকত জামিল মহসি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ থেকে দর্শনার দিকে একটি মালবাহী ট্রেন যাচ্ছিল। একই লাইনে দিনাজপুর থেকে চট্টগ্রামের দেওয়ান হাটে যাচ্ছিল আরেকটি মালবাহী ট্রেন। এই দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে ভাঙ্গুরা রেলস্টেশনের অদূরে। মালবাহী ট্রেন দুটি উদ্ধারে ঈশ্বরদী লোকো থেকে উদ্ধারকারী ট্রেন আনতে বলা হয়েছে। বিভাগীয় কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।




