শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়আপাতত নিউজিল্যান্ড সিরিজে চোখ মাশরাফির

আপাতত নিউজিল্যান্ড সিরিজে চোখ মাশরাফির

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

একের পর এক চোটে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা এই পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আসন্ন হোম সিরিজে খেলতে মুখিয়ে আছেন। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে কঠোর অনুশীলন করে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক।

আসছে অক্টোবরে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এই সিরিজকে সামনে রেখে মিরপুরের ক্যাম্পে ব্যস্ত ক্রিকেটাররা। ৩ থেকে ৫ সেপ্টেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে জাতীয় দল। এই ম্যাচ শেষেই নির্ধারিত হবে মাশরাফির সম্ভাবনা।

এই তিনদিনের প্রস্তুতি ম্যাচের গুরুত্ব অনেক মনে করছেন মাশরাফি,‘নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখেই মূলত তিন দিনের প্রস্তুতি ম্যাচটি আয়োজন করেছেন কোচ। কেন না আমাদের সামনে সময় খুব কম, খুব বেশি খেলার সুযোগ নাই। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হলে আর সময় থাকবে না। ওই তিন দিনের ম্যাচের মাধ্যমে কোচ বুঝতে পারবেন কার কতটুকু সামর্থ্য আছে।’

চোট থাকায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি মাশরাফির। আগামী বছরও বাংলাদেশে হবে এই বিশ্ব টুর্নামেন্ট। এবারে সুযোগ পেতে শারীরিক অবস্থান নিয়ে কোনো সতর্কতা অবলম্বন করছেন কি না এমন প্রশ্নে দেশের গতি তারকা বললেন,‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমি ভাবছি না। সেটা হতে এখনও এক বছর বাকি।’

নড়াইল এক্সপ্রেস’র আপাতত চোখ খুব কাছেই,‘বিশ্বকাপ নিয়ে ভাবার সময় নেই। সামনে নিউজিল্যান্ড আসবে। এরপর শ্রীলঙ্কা, তারপর এশিয়া কাপ। এই সময়ের মধ্যে যেসব খেলা আছে সেগুলোর দিকে মনোযোগ দিচ্ছি আমি।’

টেস্টে সুযোগ পাওয়ার সম্ভাবনাও মাশরাফি ছেড়ে দিয়েছেন দলের উপর,‘এখনই এটা নিয়ে মন্তব্য করা কঠিন। আমি আমার মতো প্রস্তুতি নিচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলাটা আমার সিদ্ধান্তে হবে না। কোচ-অধিনায়ক আছেন। দলের জন্য যেটা ভালো হয় সেই সিদ্ধান্ত নিতে হবে।’

ক্যাম্প করে খেলোয়াড়রা উপকৃত হয়েছেন মনে করেন ৩৬ টেস্টে ৭৮ উইকেট নেওয়া এই পেসার,‘এই কন্ডিশনিং ক্যাম্প শুধু আমার জন্য নয়, পুরো দলের জন্যই উপকার হয়েছে। বিশেষ করে আগের যে কোনো সময়ের থেকে এখন ফিটনেস অনেক ভালো।’

মোহামেডানের এই তারকা ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও কথা বললেন,‘এবার প্রত্যেকটা দলই সমান শক্তিশালী। মাঠের পারফরমেন্সের উপর ভিত্তি করে নির্ধারিত হবে জয়-পরাজয়।’

আরও পড়ুন

সর্বশেষ