সিরিয়া থেকে প্রবাসী বাংলাদেশীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি:প্রচার অনুবিভাগ এক বার্তায় এ আহ্বান জানান।
বার্তায় বলা হয়, গোলযোগপূর্ণ সিরিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে বাংলাদেশ উদ্বিগ্ন। তাই প্রবাসী বাংলাদেশীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহবান জানানো হচ্ছে।
সেই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে উদ্ভূত পরিস্থিতি কূটনৈতিক আলোচনায় দ্রুতই সমাধান করা সম্ভব। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কূটনৈতিক আলোচনার আহবান জানানো হচ্ছে।
সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় কোন ধরনের সহিংসতাকে বাংলাদেশ সমর্থন করে না বলে বার্তায় জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।




