হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীর তল্লাশি করে ৪৩টি সোনার বার জব্দ করা হয়েছে। সোমবার মধ্যরাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা ওই যাত্রীকে আটক করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল হক জানান, গতকাল রাত ৯টায় সিঙ্গাপুর হতে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন মো. আনোয়ার হোসেন নামের ওই যাত্রী। তাঁর কাছে অবৈধ সোনা আছে বলে খবর পান শুল্ক গোয়েন্দারা। ফলে অবতরণের পর থেকেই তাঁর ওপর নজর রাখা হচ্ছিল। পরেওই যাত্রী যখন বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন তখন তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে আনোয়ার হোসেন বিষয়টি অস্বীকার করলেও তাঁর শরীর তল্লাশি করে সোনার বারগুলো জব্দ করা হয়। এই ৪৩টি সোনার বার তিনি বিশেষ কায়দায় অন্তর্বাসের ভেতর কালো কাপড়ে মুড়িয়ে লুকিয়ে রেখেছিলেন। জব্দ সোনার মোট ওজন চার কেজি ২৮৬ গ্রাম বলে জানান ড. মইনুল হক। এগুলোর আনুমানিক দাম দুই কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন জানিয়েছেন, তিনি চলতি জানুয়ারি মাসে দুইবার ঢাকা-সিঙ্গাপুর পথে যাতায়াত করেছেন। ২০১৭ সালে এই যাত্রী ৫ বার বিদেশ গেছেন। জিজ্ঞাসাবাদে নিজেকে একজন লাগেজ ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন তিনি।
আনোয়ার হোসেন জানান, এসব সোনার মালিক রেজাউল নামের এক ব্যক্তি। তিনি কেবল সিঙ্গাপুরে যাতায়াত টিকেট ও ৫০ হাজার টাকার বিনিময়ে এগুলো বহন করছিলেন। মো. আনোয়ার হোসেনকে শুল্ক আইনে গ্রেপ্তার দেখিয়ে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে বলেও জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।




