মৃত্যুর কাছে হার মানলেন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ। ১৯ ডিসেম্বর সকাল পৌনে নয়টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমপি গোলাম মোস্তফা আহমেদ (ইন্না লিল্লাহে….. রাজিউন)। মৃত্যুর বিষয়টি জানান এমপি গোলাম মোস্তফার ভাইয়ের ছেলে রিপন।
রিপন জানান, গত ১৮ নভেম্বর (শনিবার) টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন এমপি গোলাম মোস্তফা। এরপর তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। এমপি গোলাম মোস্তফার প্রথম জানাজার নামাজ সংসদ ভবনে এবং দ্বিতীয় জানাজার নামাজ গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের চন্ডিপুরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রিপন।
উল্লেখ্য, ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে আহত হন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফাসহ চারজন।




