দেশে ১০০ জোট হতে পারে, তাতে আমার কী বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টীর চেয়ারম্যান এইচ এম এরশাদ। সম্প্রতি ৪টি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি জোট। এ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ এ কথা বলেন। গুলশানের ইমানুয়েল সেন্টারে সম্মিলিত জাতীয় জোটের ব্যানারে এ সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এরশাদ বলেন, আমি ভবিষ্যদ্বাণী করতে পারি না। তারপরও রংপুরে আমাদের দলের, প্রার্থীর যে অবস্থান, তাতে আমরা জিতব।
ভাতিজাকে বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, সে আমার আপন ভাতিজা। আমার কথা না শুনলে দলে থাকার অধিকার তার নেই। কে ভাতিজা আর কে কি সেটা বড় কথা নয়। আমার কাছে দল বড়। আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। রংপুর সিটি করপোরেশন নির্বাচনের পর এ ব্যাপারে কথা বলব। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে এরশাদ ১২ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
এরশাদ বলেন, আমরা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে বিশ্বাস করি। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে সারাবিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন বসেছে। আমরাও গোটা বিশ্বের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবিলম্বে জেরুজালেমকে ইসরায়েলের দখলমুক্ত করার আহ্বান জানাচ্ছি
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, দেলোয়ার হোসেন খান, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন ও এস এম ফয়সাল চিশতীসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।




