রাজধানীর সচিবালয়ের পাশের আবদুল গণি সড়ক ও বঙ্গবাজারের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মীরা শতাধিক গাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় এক ট্রাফিক সার্জেন্টের একটি মোটর সাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (রমনা) মারুফ হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় কমপক্ষে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে থাকা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সচিবালয়ের সামনে দিয়ে বিএনপি কর্মীরা শিক্ষা ভবনের দিকের রাস্তায় আসার পথে হঠাৎ করে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে একদল বঙ্গবাজারের দিকে ও অপরদল উল্টো ঘুরে জিরো পয়েন্টের দিকে পালিয়ে যায়।
যাওয়ার পথে তারা ‘ভাঙ গাড়ি’ বলে চিৎকার করার সময় চলতি পথে রাস্তার পাশে পার্কিং এ রাখা সরকারি- বেসরকারি শতাধিক গাড়ি ভাঙচুর করে। এসব গাড়ির সামনের অথবা পেছনের কাচগুলো ভাঙচুর করেছে তারা। এছাড়াও বঙ্গবাজার এলাকায় একটি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা।




