পদ শূন্য ঘোষণার ৩ মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন। এমনটিই জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। রোববার দুপুরে কমিশনের সঙ্গে ইউএনডিপির বৈঠক শেষে তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় শিগগিরই পদটি শূন্য করে প্রজ্ঞাপন জারি করবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন। আনিসুল হকের মৃত্যুর কারণে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়েছে। স্থানীয় আইন অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। শনিবার রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। গত আড়াই বছর সময়ে বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিলেন ব্যবসা থেকে রাজনীতিতে আসা একসময়কার এই টেলিভিশন ব্যক্তিত্ব।
তিনি ১৯৫২ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জন্মগ্রহণ করেন। আশি ও নব্বইয়ের দশকে টিভি উপস্থাপক হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন আনিসুল হক। তার উপস্থাপনায় ‘আনন্দমেলা’ ও ‘অন্তরালে’ অনুষ্ঠান দুটি জনপ্রিয়তা পায়।




