রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়আন্তর্জাতিক সমুদ্র মহড়ার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

আন্তর্জাতিক সমুদ্র মহড়ার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

বঙ্গোপসাগরে প্রথমবারের মতো ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের নৌবাহিনীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র মহড়া। সোমবার সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কক্সবাজারের ইনানী বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে এ মহড়ার উদ্বোধন করেন।

পরবর্তীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হেলিকপ্টার যুগে এ মহড়ায় অংশগ্রহণকারী যুদ্ধ জাহাজসমূহের ফ্লিট রিভিউ পরিদর্শন করেন।

রাষ্ট্রপতি বলেন, একটি রাষ্ট্রের একার পক্ষে সুনামি ও সাইক্লোনের মত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। একাধিক ঘটনা আমাদের দেখিয়েছে, এ ধরনের পরিস্থিতিতে সমুদ্রে জীবনের নিরাপত্তা আঞ্চলিক দায়িত্ব হয়ে পড়ে। যৌথ উদ্যোগ ছাড়া আমরা আমাদের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব না। এজন্য আমাদের একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলোকে মেরিটাইম ব্যবসা-বাণিজ্য বাড়াতে একযোগে কাজ করতে হবে। আমরা সবাই সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন আছি। সাগরের সম্পদ উত্তোলন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এই অঞ্চলের বিশাল সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রপতি হামিদ বলেন, সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই সমৃদ্ধ এই মেরিটাইম ইকোনোমির উন্নতি হতে পারে। সমুদ্র নিরাপত্তার বিভিন্ন দিক দিন দিন জটিল হয়ে যাচ্ছে। এ কথা মাথায় রেখে বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বাড়াতেও কার্যক্রম হাতে নিয়েছে।

এ সময় আইওএনএস এর কাজের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মতপার্থক্য দূর করতে মতামতের স্বচ্ছ ও উন্মুক্ত আদান-প্রদানই একমাত্র পথ। স্থলভাগের সীমান্ত দেশগুলোকে আলাদা করে রাখলেও সাগরের বন্ধুত্বের বন্ধন আমাদের একসাথে রাখতে পারে। আইওএনএস শুধুমাত্র ভারত মহাসাগরীয় অঞ্চলের নয়, বরং এশিয়া-প্যাসেফিক ও সংলগ্ন অঞ্চলের আশার প্রতীক।

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের নৌবাহিনীর মধ্যকার আঞ্চলিক সম্প্রীতি ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ বঙ্গোপসাগরে এই আন্তর্জাতিক সমুদ্র মহড়ার আয়োজন করা হয়েছে। মহড়ায় ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের (আইওএনএস) ৩২টি দেশের মধ্যে ২৩টি সদস্য দেশ ও ৯টি পর্যবেক্ষক দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং নৌপ্রধান, ঊর্ধ্বতন নৌ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের মেরিটাইম বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছিল, আইওএনএসের ২৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে রয়েছে- বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মালদ্বীপ, মরিশাস, মোজাম্বিক, মিয়ানমার, ওমান, পাকিস্তান, সৌদি আরব, সিসিলিস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, তিমুর, লেসেথো, সংযুক্ত আরব অমিরাত এবং যুক্তরাজ্য।

আরও পড়ুন

সর্বশেষ