কক্সবাজারের রামু উপজেলায় মিনিবাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়া নালাস্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি সদর উপজেলার ভারুয়াখালী। তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তিন আরোহী মোটরসাইকেল (কক্সবাজার-ল-১১-১৯৫০) নিয়ে কক্সবাজারে যাচ্ছিলেন। মহাসড়কের জোয়ারিয়া নালার আদর্শগ্রাম এলাকায় পৌঁছামাত্র ঈদগাঁও লাইন মিনিবাসটি(কক্সবাজার-ছ-১১-০১২০) ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরেক মোটরসাইকেল আরোহী।
স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুঘর্টনায় নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মোজাহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে।



