বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছেছেন খালেদা জিয়া

চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছেছেন খালেদা জিয়া

কক্সবাজারে যাবার পথে রাতযাপনের জন্য চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।  পথে পথে হাজার হাজার নেতাকর্মী-সমর্থকের ভিড় ঠেলে খালেদা জিয়ার গাড়িবহর রাত ১১টায় সার্কিট হাউসে পৌঁছেছে। সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহর সিটি গেইট দিয়ে নগরীতে প্রবেশের পর থেকে হাজার হাজার মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত ‍জানাতে থাকেন।  খালেদাকে দেখেই মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজপথ।

সার্কিট হাউসের আনুমানিক দুই কিলোমিটারের মধ্যে নগরীর ওয়াসার মোড় থেকে আলমাস হয়ে কাজির দেউড়ি পৌঁছাতেই খালেদা জিয়াকে বহনকারী গাড়ির সময় লেগেছে প্রায় আধাঘণ্টা।  সার্কিট হাউসের মূল ফটক পার হতেও প্রায় ১০ মিনিট সময় ব্যয় হয়।  বিএনপি নেত্রীর গাড়িকে ঘিরে এসময় শুধু মানুষ আর মানুষ দেখা গেছে। সার্কিট হাউসে পৌঁছার পর বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসনের পক্ষে এনডিসি শেখ নূরুল আলম।  দলের নেতাকর্মীদের পক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাৎ হোসেন, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।  পরে নেতারা তাকে সার্কিট হাউসের শাপলা ভিভিআইপি কক্ষে খালেদাকে নিয়ে যান।  সেখানেই রাতে থাকবেন খালেদা।

খালেদার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জেষ্ঠ্য নেতারাও সার্কিট হাউসে প্রবেশ করেন।  তবে চট্টগ্রামের দুই শীর্ষ নেতা স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সার্কিট হাউসের দোতলায় অবস্থান করছিলেন। সূত্রমতে, সাবেক প্রধানমন্ত্রীর রাতের খাবারে থাকছে জাউ ভাতের সঙ্গে দেশি মুরগির ঝোল।  তালিকায় আরো আছে কমপক্ষে ২০ পদের তরকারি। খাবারের পর টকদই ও ১০ পদের ফলমূল।  খালেদা জিয়াসহ ৩০ নেতার জন্য রাতের খাবার এসেছে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসা থেকে। ২৮ অক্টোবর সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দেয়া খালেদা জিয়া বিকেলে ফেনী সার্কিট হাউসে যাত্রাবিরতি করেন।

 চট্টগ্রাম সার্কিট হাউসে রাতযাপনের পর রোববার বেলা ১১টায় সড়কপথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি নেত্রী।  সেখানে সার্কিট হাউজে রাত কাটিয়ে সোমবার উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে তার। মিয়ানমারে সহিংসতার শিকার হওয়ার পর গত ২৫ আগস্ট থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ঢলের আকারে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরু হয়। সেসময় লন্ডনে অবস্থানকারী বেগম খালেদা জিয়া দেশে ফিরেই রোহিঙ্গাদের দেখতে যাবার কর্মসূচি ঘোষণা করেন।  এর আগে ২০১২ সালে সর্বশেষ কক্সবাজারে এসেছিলেন বেগম খালেদা জিয়া।

আরও পড়ুন

সর্বশেষ