বন্দর নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে দুপুর ১টার দিকে হঠাৎ করে একটি বৈদ্যুতিক খুটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঐ খুটিতে একটি বড় ট্রান্সফরমার থাকায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, আগ্রাবাদ কমার্স কলেজের সামনে এমকোর্ট এর সামনের খুটিতে ট্রান্সফরমারের নিচে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয় জনসাধারণ ও কমার্স কলেজের ছাত্ররা এগিয়ে এসে বালি দিয়ে প্রায় ঘন্টা খানেক আগুন নিয়ন্ত্রণে রাখে। পরবর্তীতে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ঘটনাস্থলে বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আমাদের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে তিনি জানান। এদিকে বর্তমানে ঐ এলাকায় বিদ্যুৎ না থাকায় পুরো এলাকা অন্ধকারে রয়েছে। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা হওয়ায় অফিস পাড়ায় স্বাভাবিক কার্যনক্রম কিছুটা ব্যাহত হচ্ছে বলে স্থানীয়রা জানান।




