বিশেষ প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
ইন্টারনেট ব্যবহারের মূল্য কমানোর পরিকল্পনা দিলেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। শুধু তাই নয় আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার নির্বাচিত হলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। রবিবার রাত সোয়া আটটার দিকে জয় তার ফেসবুক ফ্যান পেজে দেয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান।
এর আগে গত ২৩ আগস্ট এক স্ট্যাটাসে ইন্টারনেট সেবা জনগণের আরও নাগালে নিয়ে আসার পরিকল্পনার কথা জানান জয়।
রবিবার স্ট্যাটাসে জয় লেখেন, ‘ইন্টারনেট ব্যবহারের মূল্য সংক্রান্ত হালনাগাদ তথ্য আমি দিচ্ছি- সম্প্রতি সময়ে আমাদের সরকার ইন্টারনেটের পাইকারি মূল্য ১৮,০০০ টাকা থেকে ৪,৮০০ টাকায় হ্রাস করেছে। গত ৪ বছরে আওয়ামী লীগ সরকার ইনটারনেটের পাইকারী মূল্য ৮০,০০০ থেকে ৪,৮০০ টাকায় হ্রাস করে, শতকরা হিসাবে এ হ্রাসের পরিমান ৯৪%। ইন্টারনেটের খুচরা মূল্যও এ সময়ে নেমে আসে এবং আপনি প্রায় ১৫০০ টাকায় এক এমবি সংযোগ পেতে পারেন। তা সত্ত্বেত্ত, আমি এই বিষয়ে আরও মূল্য কমানোর পরিকল্পনা গ্রহন করেছি।’
বঙ্গবন্ধুর দৌহিত্র জানান, ‘আমার লক্ষ্য হলো, পাঁচ এমবি সংযোগ ৪০০০ টাকায় সহজলভ্য করা যাতে এক এমবি সংযোগ হবে ১০০০ টাকার নিচে। আমাদের এ সংক্রান্ত পরিকল্পনা ইতিমধ্যে রয়েছে এবং আওয়ামী লীগ যদি পুনঃনির্বাচিত হয় তবে পরিকল্পনামত অচিরেই এ নতুন মূল্য বাস্তবায়ন করা হবে।’
এখানেই শেষ নয়। জয় লেখেন, ‘আমি সেখানে থামব না, আগামী পাঁচ বছরের মাঝে আমি পরিকল্পনা করেছি, ৫০০০ টাকায় ২৫ এমবি সংযোগ দেব। ১০০০ টাকায় আপনি তখন পাঁচ এমবি সংযোগ পাবেন এবং এক এমবি সংযোগের মূল্য দাঁড়াবে মাত্র ২০০ টাকা। হ্যাঁ, এটি খুবই সম্ভব এবং আমি তা বাস্তবায়নের একটি পরিকল্পনা গ্রহণ করেছি। আওয়ামী লীগের পরবর্তী সরকারের মেয়াদের মধ্যেই এ মুল্য হ্রাস ঘটবে।’




