সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে ডিজিটাল পার্লামেন্ট দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী । শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বৃহস্পতিবার সার্ক স্পিকারস অ্যান্ড পার্লামেন্টারিয়ান্স অ্যাসোসিয়েশনের অষ্টম কনফারেন্সের সাধারণ অধিবেশনে ‘প্রমোটিং পার্লামেন্টারি ডিপ্লোমেসি অ্যান্ড ওপেন পার্লামেন্ট ইন দ্য এজ অব ডিজিটালাইজেশন’ শীর্ষক এক বক্তৃতায় স্পিকার এ কথা বলেন।
ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে সূচনা বক্তব্য রাখেন সার্ক স্পিকারস অ্যাসোসিয়েশনের বিদায়ী প্রেসিডেন্ট ও মালদ্বীপের স্পিকার আবদুল্লা মাসেহ এবং শ্রীলঙ্কার স্পিকার কারু জয়সুরিয়া । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ ইতোমধ্যেই ডিজিটাল সুযোগ-সুবিধা ভোগ করছে উল্লেখ করে শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ ধাপে ধাপে ইন্টারনেট সুবিধার আওতায় আসছে।
স্পিকার বলেন, বাংলাদেশের পার্লামেন্টের ওয়েবসাইটের মাধ্যমে জনগণ এখন সংসদের ও সংসদীয় কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত হচ্ছে। এ ছাড়াও সংসদ টেলিভিশনের মাধ্যমে দেশের মানুষ সরাসরি সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করতে পারে। ড. শিরীন শারমিন বলেন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সংসদীয় কূটনীতি একটি নতুন মাত্রা। সংসদের সকল কার্যক্রম ডিজিটাল সুবিধার আওতায় নিয়ে আসতে বাংলাদেশ জাতীয় সংসদ কাজ করে যাচ্ছে। সার্ক স্পিকারস অ্যাসোসিয়েশনের মাধ্যমে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দ্বার উন্মুক্ত বলেই সংসদীয় কূটনীতি আরো জোরদার হতে পারে বলেও মন্তব্য করেন স্পিকার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হুইপ শহীদুজ্জামান সরকার ও সাগুফতা ইয়াসমিন এমিলি, সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস ও সৈয়দা সায়রা মহসীন এবং জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার।




