রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনলটারির নামে প্রতারণা : চীনা নাগরিকসহ আটক ১২

লটারির নামে প্রতারণা : চীনা নাগরিকসহ আটক ১২

নগরীর দক্ষিণ খুলশীর একটি বাড়িতে অভিযান চালিয়ে চীনের এক নাগরিকসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। তারা ওয়েলফেয়ার ফান্ডের অর্থ সংগ্রহের নামে লটারি বিক্রি করে গরিব-শ্রমজীবী মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। দক্ষিণ খুলশীর এক নম্বর সড়কে গৌরি ভবনের পঞ্চম তলায় পিবিডিএফ নামে একটি সংস্থার কার্যালয় খুলে এই কার্যক্রম চালাচ্ছিল তারা। ০৫ অক্টোবর দুপুরে সেখানে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট ও নগর গোয়েন্দা পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (বন্দর) আবু বক্কর সিদ্দিক বলেন, ২০, ৫০, ১০০ টাকায় লটারি বিক্রি করে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ‍পাওয়ার লোভ দেখাচ্ছে এই চক্রের সদস্যরা।  গরিব-শ্রমজীবী মানুষ তাদের কাছ থেকে টিকেট কিনে প্রতারিত হচ্ছেন। এই ব্যবসা পরিচালনার বৈধ সরকারি অনুমোদনও তাদের নেই। আটক ১২ জনের মধ্যে প্রধান হচ্ছেন চীনের নাগরিক শেন জিয়াং (৩৬)।  বাকি ১১ জন বাঙালি।  তাদের মধ্যে দুজন নারী আছেন।

সবাই পেট্রো নজরুল বাংলাদেশ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিবিডিএফ) নামে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার পলাশ কান্তি নাথ। তিনি বলেন, এরা মূলত যেসব এলাকায় শ্রমজীবীদের বসবাস বেশি, সেখানে টিকেট বিক্রি করে।  শেন জিয়াং দুই মাস পরপর বাংলাদেশে আসেন।  তার বাংলাদেশে ওয়ার্ক পারমিটও নেই।  প্রতিষ্ঠানটি বলছে তাদের মূল উদ্দেশ্য ওয়েলফেয়ার ফান্ড তৈরি করা।  বাস্তবে তারা সরকারি অনুমোদনের কোন কাগজপত্র দেখাতে পারেনি।

২০১৬ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি কাজ শুরু করে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি-বন্দর) আসিফ মহিউদ্দিন।  গত ১১ মাসে প্রতিষ্ঠানটি চারবার তাদের কার্যালয় পরিবর্তন করে।  ৪১টি খুচরা দোকানের মাধ্যমে চট্টগ্রাম নগরীতে টিকেট বিক্রি করা হয় বলেও জানিয়েছেন তিনি।

অভিযান চালানোর সময় রাবেয়া নামে এক নারী কান্নায় ভেঙে পড়েন।  তিনি বলেন, সরকারি অনুমোদন আছে জেনে আমি গত আগস্টে এখানে যোগ দিয়েছি।  আমি খুব গরিব মানুষ।  আজ আমার মেয়ের বিয়ে।  আজকেই আমাকে আটক করা হল।  আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে। প্রতিষ্ঠানের মানবসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, ‍এদের সব ডকুমেন্ট সরকারি অনুমোদনপ্রাপ্ত দেখে এখানে জয়েন করেছিলাম।  এখন দেখছি সবকিছুই ভুয়া।

আরও পড়ুন

সর্বশেষ