রাস্তায় যানজট, গণপরিবহন সংকটের মধ্যে চলার পথে নতুন মাইলফলক হবে তারুণ্য নির্ভর ‘পাঠাও’। প্রথম যেকোনো কাজ শুরুতে অনেক মানুষ বিব্রতকর প্রশ্ন করবে। কিন্তু যখন মনজিলে মকসুদে (লক্ষ্যে) পৌঁছে যায় তখন সবাই প্রশংসা করে। ০৫ সেপ্টেম্বর দুপুরে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে তিন দিনের ‘পাঠাও মোটরসাইকেল ফেস্টিভেল ২০১৭’ উদ্বোধনকালে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিএনজি অটোরিকশা মাঝপথে যাত্রীদের হয়রানি করবে কিনা, ছিনতাই চক্রের সঙ্গে জড়িত কিনা-এমন শঙ্কা থাকে। কিন্তু ‘পাঠাও’ সার্ভিসে নির্দিষ্ট অ্যাপসের সাহায্যে নিবন্ধিত রাইডাররাই নিরাপদে যাত্রীকে গন্তব্য পৌঁছে দেবে। প্রয়োজন মানুষকে সামনে নিয়ে যায়। ‘পাঠাও’র তরুণ রাইডারদের চোখেমুখে আমি স্বপ্ন দেখছি। বড় হওয়ার আশা দেখছি। এতে আমি অভিভূত।
তিনি বলেন, বাংলাদেশের দামাল ছেলেরা নয় মাসে দেশ স্বাধীন করেছে। যা পৃথিবীর ইতিহাসে বিরল। সেদিন বেশি দূরে নয়, বাঙালি পৃথিবীকে আলোকিত করবে। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক আকতার পারভেজ, পাঠাও’র ভিপি কিশোয়ান আহমেদ হাসনী, রিজিওনাল ম্যানেজার মো. ইশফাক চৌধুরী, স্থানীয় কাউন্সিলর মো. মোরশেদ আলম প্রমুখ।




