হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৮ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ওষুধ ও স্বর্ণবার আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার রাত ২টার দিকে মিশর থেকে আসা আব্দুল বারী নামে একজন যাত্রীর কাছে থেকে এসব আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ওষুধের মধ্যে রয়েছে, xenical ট্যাবলেট ২০ পাতা, imuran ট্যাবলেট ২০ পাতা, vastarel ট্যাবলেট ৬০ পাতা, mestion ট্যাবলেট ৩ বোতল, nasonex স্প্রে ২৩ বোতল, leukeram ৩৮ বোতল ট্যাবলেট, miacalcic স্প্রে ২৩ বোতল, augmentin ট্যাবলেট ৩০ পাতা।
আব্দুল বারী মিশর থেকে ইওয়াই ২৫৮ ফ্লাইটে রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখা হয়। যাত্রী ৪নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার প্রাক্কালে তার গতিরোধ করা হয়। এবং পরবর্তীতে কাস্টমস হলে তার সাথে থাকা ৩টি লাগেজ খুলে বিদেশি ওষুধগুলো ও তার মানিব্যাগ থেকে ২০০ গ্রাম স্বর্ণ আটক করা হয়। পরে রাত ২টার দিকে এসব জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা।
আমদানি নীতি আদেশ অনুযায়ী ঔষধ শিল্প প্রশাসনের অনুমতি ব্যতিরেকে বিদেশি ওষুধ আমদানি করা যায়না। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ড. মইনুল খান।




