বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-দোহা ফ্লাইট শুরু করেছে। রোববার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দোহার উদ্বোধনী ফ্লাইট ছেড়ে যায়। ঢাকা-দোহা উদ্বোধনী ফ্লাইটে যাত্রী ছিল ১৬৪ জন। যাত্রা পথে চট্টগ্রামে অবতরন করার পরিকল্পনা রয়েছে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি দোহার উদ্দেশ্যে যাত্রা করবে। প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন ঢাকা ও চট্টগ্রাম থেকে দোহা রুটে ফ্লাইট পরিচালিত হবে।
উদ্বোধন উপলক্ষে ঢাকা-দোহা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৪ হাজার ৩৫০ টাকা এবং রিটার্ন ভাড়া ৪০ হাজার ২০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-দোহা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৫ হাজার ৩১৭ টাকা এবং রিটার্ন ভাড়া ৪১ হাজার ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত।
প্রাথমিকভাবে সোম, বুধ, শুক্র ও রবিবার ঢাকা থেকে সন্ধ্যা ৬টায় এবং চট্টগ্রাম থেকে ৭টা ৩০ মিনিটে দোহার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং দোহার স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে পৌঁছাবে।
এছাড়া দোহা থেকে সোম, বুধ, শুক্র ও রোববার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং পরদিন সকাল ৮ টায় চট্টগ্রাম ও সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকা-চট্টগ্রাম-দোহা রুট ১৬৪ আসনের নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস, ১৫৬টি ইকোনমি ক্লাস এর আসন ব্যবস্থা রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।




