একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের পক্ষে এবং সেনাবাহিনী মোতায়েন না করার সুপারিশ করেছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে দলটির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল ইসির সংলাপে অংশ নেয়। সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
পরে এনপিপি চেয়ারম্যান ছালু বলেন, নির্বাচনকালীন সরকারসহ ১৬টি প্রস্তাব দিয়েছি। বিগত জাতীয় নির্বাচনে নিবন্ধিত যেসব দল অংশ নিয়েছিল, তাদের থেকে প্রতিনিধি নিয়ে সরকার করা যেতে পারে। এনপিপি’র সুপারিশগুলোর অন্যতম হচ্ছে, ভোটে ঢালাওভাবে সেনা মোতায়েনের দরকার নেই, সব দলের অংশ গ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চয়তা, অনলাইনে মনোনয়পত্র জমা, প্রবাসী ভোটাধিকার, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে দলের চেয়ারম্যান ও মহাসচিবের যোগ্যতা যাচাই, নির্বাচনে ইভিএমের ব্যবহার না করা ইত্যাদি। সংলাপের অংশ হিসেবে গত ২৪ আগস্ট থেকে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে ইসি। এনপিপি দিয়ে এখন পর্যন্ত ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করেছে সাংবিধানিক সংস্থাটি।




