রোহিঙ্গাদের বিষয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা দৃষ্টান্ত অনুসরণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ ইয়ুথ ফোরাম ওই আলোচনা সভার আয়োজন করে।
আমীর খসরু বলেন, ‘১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দৃষ্টান্ত স্থাপন করেছেন। রোহিঙ্গাদের স্বাগত জানিয়েছেন এবং মিয়ানমার সরকারকে বাধ্য করেছেন রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাওয়ার জন্য। সেটা একটা চুক্তির মাধ্যমে হয়েছে। এটা মৌখিক কোনো বিষয় নয়। এটা দেখুন। এটা জাতীয় ইস্যু। এটা বিএনপি, আওয়ামী লীগের কোনো ইস্যু নয়। বিএনপি বিষয়টি সফলভাবে করতে পেরেছে বলে আপনারা সে চুক্তিগুলোকে সামনে এনে, সে দৃষ্টান্তগুলোকে সামনে এনে এর সমাধান করবেন না? এবং জাতিকে বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেবেন সেটা তো হতে পারে না।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট সৃষ্টি করে উগ্র জাতীয়তাবাদকে উসকে দেওয়া হয়েছে। এটা এই অঞ্চলের স্বাধীনতা, শান্তি, নিরাপত্তার জন্য অত্যন্ত ভয়ংকর দৃষ্টান্ত সৃষ্টি করেছে, যা এই অঞ্চলকে অশান্ত করে তুলতে পারে। এটা কারো জন্য ভালো হবে না। আমি সরকারকে বলব, অবস্থান পরিষ্কার করুন এবং সিদ্ধান্ত কিভাবে নেবেন জাতির সামনে পরিষ্কার করতে হবে।
গত ২৪ আগস্টের পর থেকে মিয়ানমারের সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে বহু রোহিঙ্গা কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে। জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চার লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করেছে।
আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির কেন্দ্রীয় নেতা খালেদা ইয়াসমীন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আবুল কালাম আজাদ, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য রাখেন।




