আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিথ্যাচার করছেন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর কাছ থেকে তিনি রাজনৈতিক বক্তব্য আশা করেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ফখরুল এই মন্তব্য করেন। ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।
‘জিয়া পরিবারের সম্পদের তদন্ত ১০ বছর ধরে চলছে, কিছু খুঁজে পাননি। আপনাদের সম্পদেরও হিসাব নেওয়া হবে। বেশি দিন দেরি নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে রাজনৈতিক বক্তব্য আশা করি। তিনি যা বলছেন, তিনি মিথ্যাচার করছেন’, বলেন ফখরুল।
বিএনপির ত্রাণ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি মিথ্যাচার করছেন আমরা নাকি লোক দেখানো ত্রাণ দিতে গিয়েছিলাম। গত পরশু আমাদের টিম ত্রাণ দিতে কক্সবাজারে যায়, মির্জা আব্বাসের নেতৃত্বে নজরুল ইসলাম খানসহ, আমাদের ত্রাণের ২২ টি ট্রাক আটকে দেওয়া হয়, তাদের মুভ করতে দেওয়া হয়নি কাল রাত পর্যন্ত।
জিয়া পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টির তথাকথিত এমপির প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বললেন জিয়া পরিবারের সম্পদের তদন্ত করা হবে। জিয়া পরিবারের ইমেজ নষ্ট করার জন্য? ১০ বছরেও তো সারা বিশ্বে কোথাও কিছু খুঁজে পাননি, চ্যালেঞ্জ করে বলছি, বেগম খালেদা জিয়ার কোনো দুর্নীতি খুঁজে পাবেন না, তারেক রহমানের কিছু খুঁজে পাননি।
‘আপনাদেরও সম্পদের হিসাব নেওয়া হবে, বেশি দিন দেরি নেই। কুইক রেন্টালের দুর্নীতি, শেয়ারবাজার কেলেংকারি, মেগা প্রজেক্ট, এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুর্নীতি, পদ্মা সেতুর দুর্নীতির কারণে বিশ্বব্যাংক চলে গিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতুর ডিজাইনেই ভুল, পিলার বসানোর জন্য তল খুঁজে পাওয়া যাচ্ছে না।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ফখরুল বলেন, ‘জবরদখল করে ক্ষমতায় বসে আছেন, শান্তিপূর্ণভাবে কীভাবে ক্ষমতা থেকে যাবেন, সেই ব্যবস্থা করুন। নয় তো বাংলার জনগণ আপনাদের ক্ষমা করবে না।




